২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল: রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ৩০

বিরোধীদল বিএনপির ডাকা হরতালের দ্বিতীয় দিনে রংপুর শহরের পৌরবাজারের সামনে পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 03:57 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

রংপুর, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদল বিএনপির ডাকা হরতালের দ্বিতীয় দিনে রংপুর শহরের পৌরবাজারের সামনে পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই সংঘর্ষ ঘটে। বিএনপি কর্মীরা দোকান ও যানবাহন ভাংচুর করে এবং ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। তারা বিপুল সংখ্যক ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে শহরের আদালত পাড়া থেকে বিএনপি নেতা শামসুজ্জামান শামু ও বদরুল ইসলাম চুন্নুর নেতৃত্বে একটি জঙ্গি মিছিল বের হয়। মিছিলটি পৌরবাজারের সামনে এলে বিএনপি কর্মীরা দুটি মোটর সাইকেল ও দুটি ইজি বাইক ভাংচুর করে। তারা পৌরবাজারে ঢুকে দোকান ভাংচুর শুরু করলে ব্যবসায়ীরা বাধা দেয়। এ নিয়ে বিএনপি কর্মীদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপি কর্মীরা পুলিশকে ধাওয়া দেয়। দুপক্ষের মধ্যে ধাওয়াধাওয়ির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত ৩০ জন আহত হয়। এক পর্যায়ে পৌরবাজারের ভেতরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোতয়ালী থানার ওসি হায়দার আলী মোল্লা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে রংপুরে বৃহস্পতিবার ঢিলেঢালা ভাবে হরতাল পালিত হয়। সকল সরকারি বেসরকারি ব্যাংক বীমা অফিস আদালত খোলা ছিলো। রিকশা, ইজিবাইক চলাচল করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৪৭ ঘ.