ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি বেসরকারি যৌথ অংশিীদারিত্বে (পিপিপি) ঢাকা ও চট্টগ্রামে মনোরেল প্রতিষ্ঠার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে মালয়শিয়ার একটি প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন মালয়শিয়াভিত্তিক স্কোমি গ্র"পের কর্মকর্তারা।
এ সময় তারা বাংলাদেশে মনোরেল প্রতিষ্ঠার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন বলে সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, "মনোরেলের ওপর তারা একটা প্রেজেন্টেশন দিয়েছে। মালয়শিয়ার এ প্রতিষ্ঠানটি ভারতের আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে ঢাকা ও চট্টগ্রামে মনোরেল তৈরির পরিকল্পনা করছে।"
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ৮০ ভাগ অর্থায়নে একশ ৭০ কোটি ডলার ব্যয়ে রাজধানীর উত্তরা তৃতীয় পর্যায় থেকে সায়েদাবাদ পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল নির্মাণের একটি প্রকল্প সরকারের রয়েছে। গত ৩১ জানুয়ারি এ রুটের আংশিক পরিবর্তনও হয় দুপক্ষের সম্মতিতে।
পিপিপির ভিত্তিতে মালয়শিয়ার প্রতিষ্ঠানটির আগ্রহ রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "মালয়েশিয়ার প্রতিষ্ঠানটি মুম্বাইয়ে মনোরেল তৈরির একটি প্রকল্প বাস্তবায়ন করছে।"
এ ধরণের প্রকল্পে কত ব্যয় হতে পারে জানতে চাওয়া হলে মুহিত বলেন, "এ বিষয়ে তারা এখনো কোনো প্রস্তাব দেয়নি। প্রস্তাব দিলে টার্মস এন্ড কন্ডিশন নিয়ে আলোচনা হতে পারে। ভারতে তাদের প্রকল্পে প্রতি কিলোমিটারে ১২০ কোটি রুপি খরচ পড়ছে।"
স্কোমি গ্র"পের প্রতিনিধিদের সঙ্গে আসা বাংলাদেশের আটলান্টা গ্র"প অব কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, মনোরেল হলে প্রতি ঘণ্টায় ৮০ হাজার মানুষ যাতায়াত করতে পারবে।
তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নের জন্য অতিরিক্ত ভূমি অধিগ্রহণের প্রয়োজন নেই। রাস্তার মাঝে ডিভাইডার সোজাসুজি পিলার করে এটা করা সম্ভব। এককটি পিলার করতে পাঁচ মিটার জায়গা লাগবে।
পিপিপি ভিত্তিতে করলে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ৭০ শতাংশ খরচ জোগাতেও রাজি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২০৫৭ ঘ.
bdnews24