পাবনা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাঁথিয়া উপজেলায় এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বন্দিরামচর ঈদগাহ মাঠের পাশে একটি খালে জালিমের (১৫) হাত-পা বাঁধা জবাই করা লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
জালিম বন্দিরামচর গ্রামের আব্বাস ম-লের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের মোস্তাফা নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাঁথিয়া থানার ওসি এস এম বজলুর রশিদ সাংবাদিকদের জানান, একটি জলাশয় দখলকে কেন্দ্র করে গ্রামের মোস্তফা ও শীতলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
কিছুদিন আগে মোস্তফার এক সমর্থক আনুকে (৫০) দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছিল।
এ ঘটনার জেরে এ হত্যা হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩৩ ঘ.
bdnews24