ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের সংসদ সদস্যদের 'শালীনতা' বজায় রাখার পরামর্শ দিয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, তাদের এমন কিছু করা উচিৎ হবে না, যাতে পুলিশ খারাপ আচরণ করতে বাধ্য হয়।
বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক পুলিশের পিটুনিতে আহত হওয়ার ঘটনা 'অনভিপ্রেত' উল্লেখ করে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় কামরুল বলেন, নিজেদের মর্যাদা বিরোধীদলীয় সংসদ সদস্যদের নিজেদেরই রক্ষা করতে হবে।
"এমন কোনো আচরণ করবেন না যাতে পুলিশ খারাপ আচরণ করতে বাধ্য হয়।"
চার দলের ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন বুধবার সকালে সংসদ ভবনের সামনে পুলিশ বিএনপির প্রচার সম্পাদক ফারুককে বেধড়ক পেটায়। তিনি বর্তমানে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার এই হরতাল ডাকে বিএনপিসহ চার দল।
তবে আওয়ামী লীগের অন্য নেতাদের মতো কামরুলেরও দাবি, "বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুই ছেলেকে রক্ষা এবং ২১ আগস্ট গ্রেনেড হামালার বিচার বাধাগ্রস্ত করতেই এই হরতাল।"
'গণতন্ত্র রক্ষায় ধ্বংসাত্মক কার্যকলাপ পরিহার' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী বলেন, "এই আন্দোলন একটি বৃথা চেষ্টা। আন্দোলন করে আওয়ামী লীগকে দমানো যাবে না।"
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে মুদ্রা পাচারের দায়ে গত জুন মাসে ৬ বছরের কারাদণ্ড দেয় ঢাকার একটি আদালত। এছাড়া ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনাকে হত্যার জন্য পরিচালিত গ্রেনেড হামলার ঘটনায় সম্পূরক অভিযোগপত্রে আসামি করা হয় খালেদার বড় ছেলে তারেক রহমানকে।
'সকল অপকর্মের হোতাদের' বিচারের মুখোমুখি করা হবে উল্লেখ করে কামরুল বলেন, "২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনা হয়েছে হাওয়া ভবনে। তারেকই ওই ঘটনার মূল পরিকল্পনাকারী।"
ওই হামলায় পুলিশ কর্মকর্তাদের ব্যবহার করা হয়েছে অভিযোগ করে কামরুল বলেন, "এসব পুলিশ কর্মকর্তার জন্য সরকারের কোনো সহানুভূতি নেই।"
বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিমের সভাপতিত্বে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এই আলোচনা সভায় অন্যদের মধ্যে একাডেমির মহাসচিব হুমায়ূন কবির মিঝি বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৭০৯ ঘ.
bdnews24