হবিগঞ্জ, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে দুর্ঘটনার কারণে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বৃহস্পতিবার প্রায় চার ঘণ্টা বন্ধ ছিলো।
দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারের পর বেলা ২টার দিকে এ পথ আবার সচল হয় বলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংসনের স্টেশন মাস্টার কাজী শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালবাদ এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় বিকল হয়ে পড়লে এ জটিলতার সৃষ্টি হয়।
শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জালালাবাদ এক্সপ্রেস লস্করপুর ও রশিদপুর রেল স্টেশনের মাঝখানে রাতগাঁও এলাকায় পৌঁছনোর পর এ ট্রেনের হ্যাঙ্গারপুল ভেঙে যায়। এতে সিলেট-আখাউড়া সেকশনের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।"
আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়ে বিকল হওয়া ট্রেনটি সচল করার পর বেলা ১টা ৫০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এই সময়ে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস, ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ও সুরমা মেইল শায়েস্তাগঞ্জ জংশনে আটকা পড়ে। ২টার পর ট্রেন তিনটি তাদের গন্তব্যে ছেড়ে যায় বলে স্টেশন মাস্টার শহিদুল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫৫ ঘ.
bdnews24