২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় গণপিটুনিতে আহত আরো এক জলদস্যুর মৃত্যু

ভোলার চর কুকরি মুকরিতে আটক জলদস্যুদের মধ্যে গণপিটুনিতে আহত আরো এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুই জনের মৃত্যু হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 07:13 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ভোলা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চর কুকরি মুকরিতে আটক জলদস্যুদের মধ্যে গণপিটুনিতে আহত আরো এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুই জনের মৃত্যু হলো। বৃহস্পতিবার ভোর রাতে লোকমান নামে এক জলদস্যু চর ফ্যাশন স্বাস্থ্য কেন্দ্রে মারা যায়। এর আগে বুধবার রাতে মোতাহার হোসেন নামে অন্য জনের মৃত্যু হয় বলে জানান চরফ্যাশন থানার ওসি রিয়াজ হোসেন জানিয়েছেন। চরফ্যাশন উপজেলার চর কুকরি মুকরি থেকে বুধবার দুপুরে স্থানীয় জনতা ও জেলেরা অস্ত্রসহ সাত জলদস্যুকে আটক করে ব্যাপক মারধর করে। পরে সাত জনের চোখও নষ্ট করে দেয় জনতা। এরপর রাতে জেলেরা জনতা বাজার থেকে অস্ত্রসহ আরো চার জলদস্যুকে আটক করে। তারাও গণপিটুনির শিকার হয়। বুধবার দুপুরে আটককৃতদের মধ্যে রয়েছে- মোতাহার ওরফে জামাল (৩৫), রুহুল আমিন (৪০), রহমান (৩৫), শহীদ (৩৫), নুরুন্নবী (৩৭), আব্দুল মান্নান (৩৫) ও লোকমান হোসেন (৩৭)। জনতা বাজার থেকে আটক জলদস্যুরা হচ্ছে- লুৎফর (৩৫), নুর মোহাম্মদ (২৫), তাজুল (২৬) ও রুবেল (২৫)। ভোলার সহকারী পুলিশ সুপার (লালমোহন ও চরফ্যাশন সার্কেল) সাইফ উদ্দিন শাহিন জানান, আটক ১১ জলদস্যুর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ইলিশের মৌসুমে জলদস্যুরা সংগঠিত হয়ে জেলেদের ওপর হামলা করে তাদের সব কিছু নিয়ে যায়, কখনো মেরে ফেলে। এ ক্ষোভ থেকেই জলদস্যুরা জনতার পিটুনির শিকার হয়েছে। চরফ্যাশন থানার ওসি রিয়াজ হোসেন জানান, আটক জলদস্যুদের কাছ থেকে তিনটি পাইপগান, ১২ রাউন্ড গুলিসহ দেশিয় অস্ত্র-শস্ত্র উদ্বার করা হয়। লাশ দুটি ময়না তদন্তেরর জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অন্যদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩০৮ ঘ.