নুরুল ইসলাম হাসিব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের পাঁচ বিশিষ্ট শিক্ষাবিদ ২০১০ সালের ২২ এপ্রিল এক বিবৃতিতে ছাত্রলীগের সঙ্গে আওয়ামী লীগের সব সম্পর্ক ছিন্ন করার জন্য দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।
ওই বিবৃতিতে তারা স্পষ্ট করে বলেন যে, তারা ছাত্র রাজনীতির বিরুদ্ধে নন। তবে দেশের সবচেয়ে পুরনো ছাত্র সংগঠন ছাত্রলীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে তারা উদ্বিগ্ন।
অধ্যাপক কবীর চৌধুরী, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক জামাল নজরুল ইসলাম ও অধ্যাপক আনিসুজ্জামান তাদের ওই বিবৃতিতে ছাত্র রাজনীতির গৌরবময় অতীতকে ধ্বংস হতে না দিতে শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।
এই বিবৃতির এক বছর আগেই ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ছাত্রলীগের সাংগঠনিক নেত্রীর পদ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেন।
১৯৪৮ সালের ৪ জানুয়ারি 'শিক্ষা-শান্তি-প্রগতি'- এই মূলমন্ত্র নিয়ে পথচলা শুরুর পর বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের স্বাধীনতা সংগ্রাম এবং নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রলীগ গৌরবময় ভূমিকা রাখলেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সংগঠনটির নেতাকর্মীদের সন্ত্রাসী ও টেন্ডারবাজির কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার।
আগামী ১০ ও ১১ জুলাই ছাত্রলীগের ২৭তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে 'লাইনচ্যুত' এই সংগঠনটি আগের গৌরবময় অবস্থানে ফিরতে পারবে কি-না, সেটাই এখন বিভিন্ন মহলের প্রশ্ন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়মিত সম্মেলন অনুষ্ঠান এবং ছাত্রলীগের ওপর আওয়ামী লীগ নেতাদের প্রভাব কমানো গেলেই এ সংগঠনে পরিবর্তন আসবে।
ছাত্রলীগের সাবেক এই সভাপতি বলেন, সম্মেলন সামনে রেখে আওয়ামী লীগ নেতারা এরইমধ্যে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে তদবির শুরু করে দিয়েছেন।
ছাত্রলীগ এখনো আওয়ামী লীগ নেতাদের 'ড্রয়িং রুমেই' বন্দি হয়ে আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, "আওয়ামী লীগ নেতারা কেন তদবির করছেন? এটাতো ছাত্রলীগ নেতাদের কাজ।"
এই ছাত্র সংগঠনের সর্বশেষ সম্মেলন হয় ২০০৬ সালের ৪ এপ্রিল। প্রতি দুই বছর পর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও গত পাঁচ বছরে তা হয়নি।
সম্মেলনের সার্বিক আয়োজন তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ওবায়দুল কাদের বলেন, "এই সম্মেলন হবে স্বচ্ছ। আমরা ভালোটাই চাই। তারপরও দুই কাউন্সিলের মাঝখানে সময়ের একটা বড় ব্যবধান তৈরি হয়ে গেছে।"
ছাত্রলীগের সম্মেলনে প্রার্থী হওয়ার সর্বোচ্চ বয়সসীমা ২৯- এ বিষয়টির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, "আমরা যথাসময়ে সম্মেলন করতে পারিনি। এর মধ্যে অনেক নেতাই নির্দিষ্ট বয়সসীমা পার হয়ে গেছেন। সংগঠনের বৃহত্তর স্বার্থেই এখন তাদের ত্যাগ স্বীকার করতে হবে।"
২০০৬ সালের সম্মেলনে প্রথমবারের মতো প্রার্থী হওয়ার বয়সসীমা বেঁধে দেয় ছাত্রলীগ। আগে থেকে আলোচনায় না থেকেও ওই সম্মেলনে সবাইকে চমকে দিয়ে মাহমুদ হাসান রিপন সভাপতি এবং মাহফুজুল হায়দার চৌধুরী রোটন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
"এটা তাদেরও ধারণার বাইরে ছিলো," বলেন ছাত্রলীগের আরেক সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী।
বর্তমান কমিটির সাংগঠনিক দুর্বলতার দিকে ইংগিত করে ১৯৯৮-২০০২ মেয়াদে সভাপতির দায়িত্বে থাকা বাহাদুর বলেন, "এতে কোনো সমস্যা হতো না, যদি আমরা (জ্যৈষ্ঠ নেতারা) তাদের সঠিকভাবে গড়ে তুলতে পারতাম।"
বর্তমান কমিটি সংগঠনের সব জেলা শাখাতেও সম্মেলন করতে পারেনি। নেতাকর্মীরা জানান, যে ৮০ থেকে ৮৫টি জেলা ইউনিটে কমিটি হয়েছে- তার অনেকগুলোই তৈরি করে দেওয়া হয়েছে ঢাকায় বসে, সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।
বিশ্লেষকদের মতে, ছাত্রলীগের এসব স্থানীয় শাখার ওপর কেন্দ্রের নিয়ন্ত্রণ না থাকায় দেশজুড়ে ছাত্রলীগ কর্মীদের সন্ত্রাস, হানাহানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ভর্তিবাণিজ্যও নিয়ন্ত্রণ করা যায়নি।
ছাত্রলীগে এখন আর আদুভাইদের স্থান হবে না উল্লেখ করে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেন, "এটি একটি জাতীয় সংকট, গণতন্ত্রের সংকট। সংগঠনগুলোতে নিয়মিত সম্মেলন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ছাত্রসংসদ নির্বাচন করে ছাত্র রাজনীতির এই সংকট কাটাতে হবে।"
ওবায়দুল কাদেরের সঙ্গে একমত বাহাদুর ব্যাপারীও। তিনি বলেন, "ছাত্রলীগ হচ্ছে আগামী দিনের জাতীয় নেতৃত্বের আঁতুর ঘর। কিন্তু নিয়মিত সম্মেলন না হওয়ায় আমরা সম্ভাবনাময় অনেককে হারাচ্ছি।"
উদাহরণ টেনে তিনি বলেন, "ছাত্রলীগের একজনকে আমি জানি, যে ২০০৬ সালে দারুণ সক্রিয় ছিলেন। তখন তার বয়স ছিল ২৬, এখন ৩১। প্রার্থীর বয়স সীমা বেঁধে দেওয়ায় এবারের কাউন্সিলে সে আর প্রার্থী হতে পারবে না, যদিও সে খুবই যোগ্য।"
"শুধু ছাত্ররাই যাতে ছাত্র রাজনীতি করতে পারে- আমাদের তা নিশ্চিত করতে হবে," যোগ করেন এই সাবেক সভাপতি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতা বলেন, সম্মেলনের দিন যতো এগিয়ে আসছে, অনেক জনপ্রিয় মুখ ধীরে ধীরে ম্লান হয়ে আসছে।
এক কেন্দ্রীয় নেতা দুঃখ করে বলেন, "বয়স ৩১ হয়ে যাওয়ায় আমি মনোনয়নপত্র নিতে পারিনি।"
তিনি জানান, ১৯৯৫ সালে কলেজে পড়ার সময় থেকে তিনি ছাত্রলীগের সঙ্গে যুক্ত। এখনো পর্যন্ত আমি ছাত্রত্ব ধরে রেখেছেন। এখন আছে 'দৈব কিছুর' প্রত্যাশায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এসএন/জেকে/০৩৫০ ঘ.
bdnews24