২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার উদ্দেশ্যে এই হামলা: খালেদা

হত্যার উদ্দেশ্যে জয়নুল আবদিনের ওপর 'হামলা চালানো' হয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। 'হামলায়' জড়িতদের শাস্তিও দাবি করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 05:16 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যার উদ্দেশ্যে জয়নুল আবদিনের ওপর 'হামলা চালানো' হয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। 'হামলায়' জড়িতদের শাস্তিও দাবি করেন তিনি। বুধবার রাতে এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা খালেদা এ কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, "হত্যার অশুভ অভিপ্রায় নিয়ে জয়নুল আবদিন ফারুকের ওপর এই 'পৈশাচিক' হামলা চালানো হয়েছে। এটি সরকারের ঘৃণ্য হিংসাত্মক নির্যাতন। তারা প্রতিহিংসা চরিতার্থ করতে খুনাখুনি, দখল ও উৎখাতের নিলর্জ্জ অনাচার এড়িয়ে কাজ করতে পারে না।" সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদসহ কয়েকটি দাবিতে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে সংসদে প্রধান বিরোধী দল বিএনপিসহ চার দল। এর প্রথমদিন বুধবার সকালে সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফারুকের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে বলেন, "হামলাকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিচার ও শাস্তি দিতে হবে।" এ ছাড়া অপর এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিরোধী দলের প্রধান হুইপের ওপর পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/পিডি/২৩১২ ঘ.