ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের নামে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি ও সম্পদের ক্ষতিকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিরোধী দল বিএনপির হরতাল কর্মসূচির সমালোচনা করে শেখ হাসিনা বলেছেন, "দেশবাসীর কাছে এই হরতালের গ্রহণযোগ্যতা নেই। দেশবাসী সাড়া না দিলে গাড়ি পুড়িয়ে আন্দোলন সফল হয় না।
"দেশবাসীর প্রতি আমার আহবান- এ ধরণের কর্মকাণ্ড যারা করছে, দেশবাসী যদি ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করে, তাহলে তারা (বিরোধী দল) আর এগুলো করবে না। তারা যেন জনগণের ক্ষতি করতে না পারে- দলমত নির্বিশেষে সজাগ থাকতে হবে।"
বুধবার সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এ সব কথা বলেন শেখ হাসিনা।
সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদসহ কয়েকটি দাবিতে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে সংসদে প্রধান বিরোধী দল বিএনপিসহ চার দল।
এর প্রথমদিন বুধবার সকালে সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। ফারুকসহ বিএনপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুণ অর রশীদসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হন।
সংরক্ষিত নারী আসনের সাংসদ সাধনা হালদারের সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "সাধারণ মানুষের জন্য নয়, দুর্নীতিবাজ পরিবার ও যুদ্ধাপরাধীদের বাঁচাতেই এই হরতাল।"
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, "বিরোধী দল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে তাদের [করা] দুর্নীতিসহ বিভিন্ন অপকর্মের বিষয়গুলো যখন সামনে চলে আসছে- তখনই তারা লবিস্ট নিয়োগ করে অপপ্রচার চালাচ্ছে এবং একই কারণে হরতাল দিয়ে আস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করছে।"
"এখন তাদের অপকর্মের বিচার হচ্ছে। আমাদের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি।"
শেখ হাসিনা বলেন, "এর আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলো তখন বিএনপি তিনশ দিনের বেশি হরতাল দিয়েছিলো। তারপরও অর্থনীতির চাকা বন্ধ থাকেনি।"
সংসদ নেতা বিরোধী দলকে সংসদে এসে কথা বলার আহ্বান জানিয়ে স্পিকার আব্দুল হামিদের উদ্দেশ্যে বলেন, "আপনি তো কোনো দিন বিরোধীদলীয় নেতার মাইক বন্ধ করে দেননি। আর, আমরা বিরোধী দলে থাকতে তো আমাকে কথাই বলতে দেওয়া হতো না। এমনকি, ২১ অগাস্টের আগে আমাকে এই সংসদেই বলা হয়েছিলো- বাপ যে পথে গেছে, আমাকেও সে পথে যেতে হবে। প্রসিডিংস দেখলেই তা পাওয়া যাবে।"
সাধনা হালদারের প্রশ্নের লিখিত জবাবে শেখ হাসিনা বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য মাথা পিছু জাতীয় আয় ১০৮৬ মার্কিন ডলার অতিক্রম করতে হয়।
শেখ হাসিনা আরো বলেন, "আমাদের হিসাব অনুযায়ী ২০০৯-২০১০ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল ৬৮৫ মার্কিন ডলার। আগামী বছরগুলোতে গড়ে প্রায় ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হলে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পারবো।"
নেত্রকোণা-৫ আসনের সাংসদ ওয়ারেসাত হোসেন বেলালের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সারাদেশে বিদ্যুতের অবৈধ ব্যবহার রোধ ও সংযোগের মাধ্যমে ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে ঢাকা শহরে ১৫টি, চট্টগ্রাম বিভাগীয় শহরে পাঁচটি এবং অন্যান্য বিভাগীয় শহরে ও জেলা শহরে প্রয়োজনীয় সংখ্যক মোবাইল কোর্ট পরিচালনার পদক্ষেপ নেওয়া হয়েছে।
আতিকুর রহমান আতিকের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বিদ্যুতের অপচয় রোধ ও মিতব্যয়ী হওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।
গোলাম কিবরিয়া টিপুর আরেক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "জনসংখ্যাকে আমি বোঝা মনে করি না। জনসংখ্যাকে আমি সম্পদ মনে করি। জনগণ শিক্ষিত হলে জনসংখ্যা নিয়ন্ত্রণের ভার নিজেরাই নেবে। "
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/১৯২২ ঘ.
bdnews24