২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলো বিএনপি

বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে পুলিশের লাঠিপেটার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের পদত্যাগ দাবি করেছে বিএনপি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 12:27 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে পুলিশের লাঠিপেটার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের পদত্যাগ দাবি করেছে বিএনপি। বুধবার বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান। একই সঙ্গে ওই মারধর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, "আমরা মনে করি বিরোধীদলীয় প্রধান হুইপকে হত্যার উদ্দেশ্যে লাঠিপেটা, কিলঘুষি, লাথি মারাসহ তার পরনের কাপড়ে ছিঁড়ে ফেলা হয়েছে। একটি গণতান্ত্রিক দেশে একজন বিরোধীদলীয় প্রধান হুইপের ওপর এরকম নৃশংস ও বর্বরোচিত হামলা নজিরবিহীন ঘটনা। আমরা এর নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।" ওই ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তা ও সদস্যের বিচারও দাবি করেন তিনি। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়। বিএনপিসহ চার দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথমদিন বুধবার সকালে সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। ফারুকসহ বিএনপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুণ অর রশীদসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হন। সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে এ হরতাল ডেকেছে দলগুলি। জয়নুল আবদিন ফারুকসহ বিএনপিদলীয় সাংসদ বিশেষ করে নারী সাংসদের ওপর পুলিশি হামলাকে 'কাপুরুষোচিত' বলে ব্রিফিংয়ে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নেতা-কর্মীদের প্রবেশ করতে না দেওয়ার বিষয়টি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, "হরতালের আগের দিন থেকেই সরকার নয়া পল্টনের কার্যালয়সহ গোটা দেশকে অবরুদ্ধ করে রেখেছে। তারা বিরোধী দলকে গণতান্ত্রিক অধিকার পালন করতে দিচ্ছে না।" যে কোনো পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি। সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, মাহবুবুল হক নান্নু বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯১৯ ঘ.