২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের সমর্থনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ

বিএনপিসহ চার দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন দেশের সর্বোচ্চ আদালতে একটি একক বেঞ্চ বিচারিক কার্যক্রম পরিচালনা করেছে। হরতালের সমর্থনে আদালত প্রাঙ্গণে বিক্ষোভও হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 11:06 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিসহ চার দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন দেশের সর্বোচ্চ আদালতে একটি একক বেঞ্চ বিচারিক কার্যক্রম পরিচালনা করেছে। হরতালের সমর্থনে আদালত প্রাঙ্গণে বিক্ষোভও হয়েছে। সুপ্রিম কোর্ট ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বুধবার মোট ৯টি অবকাশকালীন বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও শুধু বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক বেঞ্চই কিছুক্ষণ শুনানি করেন। সর্বোচ্চ আদালতে বর্তমানে গ্রীষ্মকালীন ছুটি চলছে। গত ২৪ জুন শুরু হওয়া এই অবকাশ চলবে ৯ জুলাই পর্যন্ত। এদিকে বিরোধী দল সমর্থক আইনজীবীরা সকাল সোয়া ১১টার দিকে বার ভবন থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলটি সুপ্রিম কোর্টের মূল ফটক দিয়ে প্রধান সড়কে বের হতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। ফলে সেখানেই সমাবেশ করে মিছিলকারীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন সমাবেশে বলেন, "আওয়ামী লীগ সরকার নিষ্ঠুরভাবে বিরোধীদের দমন করার চেষ্টা করছে। তাদের সাংবিধানিক ও মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে।" তিনি বলেন, "সরকার এমন সময়ে ক্ষমতাকে স্থায়ী করার জন্য উঠেপড়ে লেগেছে- যখন দেশের মানুষ ক্ষুধার্ত।" আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আজ আপনাকে যারা গণবিরোধী কাজে উস্কানি দিচ্ছে, বিপদের দিনে তারা আপনার পাশে থাকবে না।" তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত করে নির্বাচন দেওয়ারও দাবি জানান বিএনপি সমর্থক এই আইনজীবী নেতা। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের পাশাপাশি জনদুর্ভোগ অবসানের কয়েকটি দাবিতে বুধবার থেকে ৪৮ ঘণ্টার এই হরতাল ডেকেছে বিএনপিসহ চার দলীয় জোট। খন্দকার মাহবুব সমাবেশে বলেন, জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। সরকারের উচিৎ এখনই নির্বাচন দেওয়া, যাতে জনগণ তাদের প্রতিনিধি বেছে নিতে পারে। সমাবেশে অন্যদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া, মহাসচিব ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিএনপি সমর্থক আইনজীবী নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বার ভবনের সামনে গিয়ে কর্মসূচি শেষ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৬৫৫ ঘ.