ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিবসহ ২৩ কর্মকর্তার পদে রদবদল হয়েছে। এদের মধ্যে একজন অতিরিক্ত সচিব, আটজন যুগ্ম-সচিব, চারজন উপসচিব এবং ১০ জন সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বুধবার এসব রদবদল করা হয়।
জাতীয় পুষ্টি কার্যক্রমের নির্বাহী পরিচালক পদে প্রেষণে কর্মরত অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকারকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
যুগ্ম-সচিবদের মধ্যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এমএ হান্নানকে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) নির্বাহী পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। ডিটিসিবি'র নির্বাহী পরিচালক জিএম জয়নাল আবেদীন ভূঁইয়াকে নিয়োগ করা হয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সদস্য সরওয়ার খানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হয়েছে। আরইবি'র সদস্য পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে ওএসডি যুগ্ম-সচিব গোলাম মোস্তফাকে।
সড়ক ও রেলপথ বিভাগের যুগ্ম-সচিব মজিবর রহমান ও ফরিদউদ্দিন আহম্মেদ চৌধুরীকে সড়ক বিভাগে এবং সড়ক ও রেলপথ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ মোস্তফাকে রেলপথ বিভাগে বদলি করা হয়েছে।
চারটি টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক পদে বদলির আদেশাধীন যুগ্ম-সচিব আবু বকর সিকদারের প্রেষণে নিয়োগের আদেশ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।
উপসচিবদের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মো. মনিরুজ্জামানকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব হাবিবুর রহমান ও ন্যস্ত উপসচিব ফারুক হোসেনকে পদায়ন করা হয়েছে অর্থ বিভাগের উপসচিব পদে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. রেজাউল হককে একই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাহারা খাতুনের একান্ত সচিব নিয়োগ করা হয়েছে। মন্ত্রীর ইচ্ছাকালীন সময় পর্যন্ত তিনি ওই দায়িত্বে নিয়োজিত থাকবেন।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) তুলসী রঞ্জন সাহাকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম চন্দনাইশের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এসএম মাসুদুর রহমান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখার ন্যস্ত মোহসীন আলীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সিনিয়র সহকারি সচিব পদে পদায়ন ও বদলি করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবুল ফজল মো. রফি উদ্দিনকে পরিবেশ ও বন সচিবের একান্ত সচিব নিয়োগ করা হয়েছে।
ওএসডি সিনিয়র সহকারী সচিব মুকতাদির আজিজ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব শাবরিনা শারমীন জামানকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এ ছাড়া প্রশাসনের তিনজন কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে। এরা হলেন- চাঁদপুর হাজীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) দুলাল চন্দ্র সূত্রধর, ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মনিরা বেগম এবং ওএসডি সহকারী সচিব নুরজাহান খানম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/পিডি/১৯০৭ ঘ.
bdnews24