২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল, তাই ওএমএস বন্ধ

হাতে ছাতা ও প্লাস্টিকের ব্যাগ নিয়ে মিরপুর মাজারের সামনে এসেছিলেন ষাটোর্ধ্ব বিবি হাজেরা। প্রতিদিন সেখানে খোলা বাজারে বিক্রির (ওএমএস) চাল দেওয়া হলেও বুধবার সকালে চাল বিতরণের ট্রাকটি খুঁজে পাচ্ছিলেন না তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 10:51 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাতে ছাতা ও প্লাস্টিকের ব্যাগ নিয়ে মিরপুর মাজারের সামনে এসেছিলেন ষাটোর্ধ্ব বিবি হাজেরা। প্রতিদিন সেখানে খোলা বাজারে বিক্রির (ওএমএস) চাল দেওয়া হলেও বুধবার সকালে চাল বিতরণের ট্রাকটি খুঁজে পাচ্ছিলেন না তিনি। চার দলের ডাকে ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন বুধবার সকালে হাজেরার মতোই ওএমএসের ট্রাকের খোঁজ করছিলেন নয়ন, নার্গিস আক্তার, পারুলসহ অনেকই। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের পাশাপাশি জনদুর্ভোগ অবসানের কয়েকটি দাবিতে বুধবার থেকে ৪৮ ঘণ্টার এই হরতাল ডেকেছে বিএনপিসহ চার দলীয় জোট। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালের কারণে ওএমএসের চাল বিক্রি বন্ধ রয়েছে। রাজধানীতে খাদ্য অধিদপ্তরের পরিচালনায় ১৫০টি ট্রাকে করে ওএমএসের চাল ও কিছু ট্রাকে চালের পাশাপাশি আটা বিক্রি হচ্ছে। একজন ব্যক্তি ২৪ টাকা দরে দিনে সর্বোচ্চ পাঁচ কেজি চাল এবং ২০ টাকা করে সর্বোচ্চ তিন কেজি আটা কিনতে পারছেন। সপ্তাহের পাঁচ দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা এই কার্যক্রম চলে। বিবি হাজেরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার স্বামী মারা গেছেন ২০ বছর আগে। দুই ছেলে বিয়ে করে আলাদা হয়েছে গেছে- তাও ৭ বছর হয়। স্বামী পরিত্যাক্তা এক মেয়ে ও নাতীকে নিয়ে হাজেরা থাকেন মিরপুর-১ নম্বর সেকশনের হরিরামপুরে। মেয়ে কাজ করে গার্মেন্টে। ওএমএসের চালেই তাদের সংসার চলে। দীর্ঘ সময় অপেক্ষার পরও চালের ট্রাকের দেখা না পেয়ে তিনি বলেন, "চাইল না পাইয়া চাইল্যা যাইতেছি। আইজ কারো কাছ থেইক্যা চাইল কর্জ (ধার) নেওন লাগবো।" ধার না পেলে কি করবেন হাজেরা? তার উত্তর- "৫০ ট্যাহা কেজি চাইল কিনা পারি না। আল্লাহ ছাড়া আমাগো কেউ নাই।" ওএমএসের চাল কেনার জন্য বেলা ১১টার দিকে মিরপুর বাংলা কলেজের সামনে এসেছিলেন নার্গিস আক্তার (৪০)। হরতালের কারণে চাল পাওয়া যাবে না শোনার পরও তিনি প্লাস্টিকের ব্যাগ হাতে বসে থাকলেন সেই স্থানটিতে, যেখানে প্রতিদিন চালের ট্রাক দাঁড়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের উত্তরে নার্গিস জানালেন, বিকেলের দিকে যদি কোনো চালের ট্রাক আসে, এই আশাতেই তিনি বসে আছেন। ছোট্ট করে বললেন, "চাইল না পাইলে খামু কী।" শ্রমিক স্বামীর স্বল্প আয়ে তিন ছেলেমেয়ের সংসার নার্গিসকেই চালিয়ে নিতে হয়। এ কারণে দীর্ঘদিন ধরেই ওএমএসের চালের ওপর নির্ভর করছেন তিনি। রাজধানীর শেওড়াপাড়া বাসস্ট্যান্ড, কল্যাণপুর নতুন বাজার, কাজীপাড়া বাস স্ট্যান্ড, সনি সিনোমা হলের সামনে ওএমএসের চাল বিতরণের নির্ধারিত স্থানে অনেকেই জড়ো হয়েছিলেন চাল নেওয়ার জন্য। কিন্তু হরতালে চাল বিক্রি বন্ধ থাকায় খালি হাতেই ফিরতে হয়েছে তাদের। ওএমএসের ডিলার জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্র ও মঙ্গলবার ওএমএস কার্যক্রম বন্ধ থাকে। এর ওপর চার দিনের হরতালের কারণে শনিবার ওএমএসের লাইনে ভিড় অনেক বেড়ে যাবে বলে মনে করেন তিনি। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৬২৮ ঘ.