ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দলের ডাকে ৪৮ ঘণ্টা হরতালের আগের দিনই সক্রিয় হয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাসে আগুন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৮ জনকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড।
মঙ্গলবার রাতে মতিঝিল থানার উপপরিদর্শক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাপলা চত্বরের কাছে পুলিশের নিষেধ অমান্য করে মিছিল বের করার চেষ্টার সময় সাত জনকে গ্রেপ্তার করা হয়। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এই সাতজন হলেন এমাজ উদ্দিন ভূঁইয়া, তারেক আজিজ, রিয়াদ, মাহমুদুল হাসান, পলাশ, সামসুল আলম ও আমিনুল ইসলাম।
এছাড়া চারখারপুলে গাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে মোতালেব আহমেদ নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বংশাল থানার ওসি জমির উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গড়িতে আগুন দেওয়ার চেষ্টার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।"
সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বিএনপিসহ চার দলের ডাকা এই হরতালকে ঘিরে মোট ১০টি ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করেছে রাজধানীতে।
ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতগুলো শুক্রবার বেলা ১২টা পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করবে।
তিনি বলেন, "এসব আদলাত ভ্রাম্যমাণ আদালতের আইন অনুযায়ী বিভিন্ন অপরাধ দমনের উদ্দেশ্যে কাজ করবে ও সাজা দেবে।"
হরতালকে কেন্দ্র করে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ১০টি গাড়ি পোড়ানো হয়েছে। চট্টগ্রামে মিছিলে বাধা দেওয়ায় অন্তত ২০টি গাড়ি ভেঙেছে বিএনপির নেতা-কর্মীরা।
গত মাসে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকে ৩৬ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে তিন দিনে সারাদেশে শতাধিক ব্যক্তিকে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত। হরতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ঘটনা সেটিই প্রথম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২৩৪২ ঘ.
bdnews24