২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যানজটের বিরুদ্ধে হকারদের অভিনব প্রতিবাদ

ভাই, যানজটের কারণে ঢাকা থেকে পত্রিকা আসেই দেরিতে। আমরা সকাল সকাল কীভাবে পাঠককে পত্রিকা দিব?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 04:59 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

জয়পুরহাট, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাই, যানজটের কারণে ঢাকা থেকে পত্রিকা আসেই দেরিতে। আমরা সকাল সকাল কীভাবে পাঠককে পত্রিকা দিব? বেলা দুইটার সময় পত্রিকা নিয়া পাঠকের কাছে গেলে নানা কথা শুনতে হয়, গালমন্দ করে। আমাদের তো কোনো দোষ নাই। তারপরও আমাদেরই কথা শুনতে হয় পাঠকের কাছ থেকে। এইটা আর ভালো লাগে না। খুবই বিরক্তি নিয়ে কথাগুলো বলেন জয়পুরহাটের সংবাদপত্র বিক্রেতা রুহুল আমিন। তার সঙ্গে থাকা মানিক, নূর আলম, মাহাবুব, আতিয়ারের কথাও একই। যানজটের কারণে সংবাদপত্র পৌঁছাতে দেরি হওয়ার কারণে জয়পুরহাট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন অভিনব পথ বেছে নিয়েছে। ইউনিয়নের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছেন, আগামী তিনদিন তারা জয়পুরহাট জেলায় কোনো পত্রিকা বিলি করবেন না। হর্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবু বলেন, ঢাকা-গাজীপুরের যানজটের কারণে জয়পুরহাট শহরে দিনের পত্রিকা এসে পৌঁছে বেলা ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে। তারপর সেগুলো হকারদের হাত হয়ে পাঠকের হাতে পৌঁছাতে বেলা ২টা আড়াইটা বেজে যায়। পাঠকরা সামনে পায় হকারদের। তাই তাদের যত ক্ষোভের কথা শোনায় হকারদের। রেজাউল করিম আরো জানান, উপজেলা পর্যায়ে অবস্থা আরো খারাপ। কোনো কোনো উপজেলায় সন্ধ্যার সময়ও পত্রিকা পৌঁছাতে হয়। হকার্স ইউনিয়নের সভাপতি ও এজেন্ট আব্দুল হামিদ বাবু জানান, শহরের প্রায় ৩৫ জন হকার নিয়মিত তিন হাজারের বেশি পত্রিকা বিক্রি করে জীবন চালায়। যানজট ও পাঠকদের ভৎসর্নায় অতিষ্ঠ হয়েই শহরে তিন দিন পত্রিকা বিক্রি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। আরেক এজেন্ট খয়বর মিয়া জানান, তিনদিন পত্রিকা বিক্রি না করার কথা নিয়মিত পাঠকদের লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া শহরে এ বিষয়ে মাইকিংও করা হয়েছে। তবে পাঠকরা ইচ্ছা করলে এ তিনদিন জয়পুরহাট শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও শহীদ ডা. আবুল কাশেম ময়দানে নির্ধারিত পত্রিকা বিক্রয় কেন্দ্র থেকে সরাসরি পত্রিকা ক্রয় করতে পারবেন। এতে হকাররা কোনো বাধা দেবে না বলে জানান খয়বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৪৯ ঘ.