চট্টগ্রাম, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার নির্যাতনের শিকার শিশুটির বাবা হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
শিশুর বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২০ জুন ওই নিরাপত্তাকর্মী আমার মেয়ের (১০) শ্লীলতাহানীর চেষ্টা করে।
চবি ক্যাম্পাসের ভেতর অবস্থিত ইসলামিয়া কলোনিতে এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
এ নিয়ে গত ২৬ জুন কলোনির বাসিন্দাদের এক সালিশে নিরাপত্তাকর্মী মোতাহের হোসেন দোষ স্বীকার করে ১০ দিনের মধ্যে কলোনি ত্যাগের লিখিত অঙ্গীকার করেন।
মোতাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ স্বীকার করে নিয়ে বলেন, স্থানীয় সালিশে দোষ স্বীকার করেছি। দুই মাস সময় দিলে আমি এলাকা ছেড়ে চলে যাব।
১০ দিনের সময় দেওয়ার বিষয়টি তার অমতে হয়েছে বলে জানান মোতাহার।
শিশুটির বাবা জানান, সালিশের পর থেকে মোতাহার হোসেন অব্যাহতভাবে নানা ধরণের হুমকি দিচ্ছে।
চবি'র রেজিস্ট্রার বরাবর গত সোমবার হুমকির বিষয় উল্লেখ করে একটি চিঠি দেন শিশুটির মা। তাতে বলা হয়, 'মোতাহের হোসেন আমাদের মেরে ফেলারও হুমকি দিচ্ছে।'
হাটহাজারী থানার পরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এটি বিশ্ববিদ্যালয় এলাকার ঘটনা। চবি প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নেবে। হুমকির বিষয়টি খতিয়ে দেখা হবে।
চবি'র রেজিস্ট্রার ড. সফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমি দাপ্তরিক কাজে ঢাকায় আছি। ফিরলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/পিডি/২২২৭ ঘ.
bdnews24