ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুব উন্নয়ন অধিদপ্তরের শূন্য পদ পূরণে এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
এ ছাড়া গ্র"পভিত্তিক ঋণ বিতরণ কার্যক্রমের আওতায় ব্যয় না হওয়া অর্থ নতুন উপজেলায় বিতরণের প্রস্তাব করা হয়েছে।
মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠকে এসব সুপারিশ এসেছে। কমিটির সভাপতি মো. জাহিদ আহ্সান রাসেল এতে সভাপতিত্ব করেন।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৈঠকে যুব উন্নয়ন অধিদপ্তরের নেটওয়ার্কিং প্রকল্পের কার্যক্রম তদন্ত করে তদন্ত প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপন, গ্র"পভিত্তিক ঋণ বিতরণ কার্যক্রমের আওতায় অব্যয়িত ৫০ কোটি টাকা এক মাসের মধ্যে নতুন উপজেলায় বিতরণের ব্যবস্থাসহ ঋণ বিতরণ কার্যক্রম শেষ করার সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া ন্যাশনাল সার্ভিস প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার, মাহাবুব আরা বেগম গিনি, মিজানুর রহমান খান, মো. শফিকুল আজম খাঁন, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, তালুকদার মো. তৌহিদ জং (মুরাদ) ও মো. কবিরুল হক বৈঠকে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২১০৬ ঘ.
bdnews24