নওগাঁ, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে মঙ্গলবার আত্রাই নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে নওগাঁ, রাজশাহী ও নাটোরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
মঙ্গলবার ভোরে নওগাঁর আত্রাই উপজেলার তারানগরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ১৫০ ফুট এলাকা ভেঙে যায়।
এতে বহু আমন বীজতলা ও পাট ক্ষেত পানিতে তলিয়ে গেছে।
আত্রাই উপজেলার প্রায় ২০০ গ্রামের অন্তত পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বহু কাঁচা বাড়ি-ঘর হুমকির মুখে রয়েছে।
সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ভাঙন এলাকায় যান।
আত্রাই নদীর দক্ষিণ তীরে তারানগরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ১৫০ ফুট এলাকা ভেঙে নওগাঁ, রাজশাহী ও নাটোরের অন্তত ২০০টি গ্রাম প্লাবিত হয়েছে।
প্লাবিত গ্রামগুলোর মধ্যে রয়েছে- আত্রাই উপজেলা সদরের কালিকাপুর, হাটকালুপাড়া, বিষা, পাঁচুপুড়, আহসানগঞ্জ ইউনিয়নের তারানগর, উলাবাড়িয়া, ধানেশ্বর, গোয়ালবাড়ী, বামনিগ্রাম, পাইকারা, শলিয়া, মদনডাঙ্গা, আটগ্রাম, ডাঙ্গাপাড়া, কচুয়া, হাটুরিয়া, সিমুলিয়া, হাটকালুপাড়া, উত্তরবিল, বড়দাপাড়া, শুটকিগাছা।
রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া ইউনিয়নের মরুগ্রাম, নারায়ণবাড়ী, উনশিবাড়ী, ঝাড়গ্রাম, বড় বিনাহলী, শিবপুর এবং নাটোরেরর সিংড়া উপজেলার আরো কয়েকটি গ্রাম।
কালিকাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দীন আলী ম-ল জানান, গতবারের বন্যায়ও বাঁধের একই জায়গায় ভেঙেছিল। এই উপজেলার হাটকালুপাড়া, কালিকাপুর, বিষা, পাঁচুপুড় ও আহসানগগঞ্জ ইউনিয়নসহ, বাগমারা ও নাটোরের প্রায় ২০০টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী হজরত আলী মুনি জানান, মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে আত্রাই নদীর তারা নগরে ৪০ মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বর্ষার কারণে ওই বাঁধ আপাতত মেরামত সম্ভব নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৮ ঘ.
bdnews24