২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনগর ডিগ্রি কলেজ বন্ধ ঘোষণা

ক্লাস চলাকালে ছাত্রলীগের সভায় অংশ না নেওয়ায় মৌলভীবাজারে রাজনগর ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

মৌলভীবাজার, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্লাস চলাকালে ছাত্রলীগের সভায় অংশ না নেওয়ায় মৌলভীবাজারে রাজনগর ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজনগর ডিগ্রি কলেজ মঙ্গলবার দুপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। হামলায় কলেজের অন্তত আটজন ছাত্র আহত হয়েছে বলে শিক্ষার্থীরা দাবি করেন। এরমদ্যে তিনজন হলেন- উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের রাজু বখস, দ্বিতীয় বর্ষের মিজানুর রহমান ও খালেদ আহমদ। বকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতরা রাজনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন জানান, দুপুরে কলেজে ক্লাস চলাকালে কয়েকজন ছাত্রলীগকর্মী শ্রেণীকক্ষে ঢোকে। তারা শিক্ষার্থীদের ক্লাস থেকে বের হয়ে ছাত্রলীগের সভায় আসার আহব্বান জানায়। কিন্তু শিক্ষক ও শিক্ষার্থীরা এতে সাড়া না দিলে ছাত্রলীগকর্মীরা কলেজের দরজা, জানালা ও শ্রেণীকক্ষে ভাংচুর চালায়। এ সময় আতঙ্কিত ছাত্র-ছাত্রীরা ছোটোছুটি শুরু করলে ক্লাস বন্ধ হয়ে যায়। পরে রাজনগর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, বলেন তিনি। ছাত্রদের বরাত দিয়ে অধ্যক্ষ আরো বলেন, এরপর ছাত্রলীগকর্মীরা কলেজের বাইরে ধাওয়া করে অন্তত আটজন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে। "উদ্ভূত পরিস্থিতিতে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১১টায় কলেজ পরিচালনা পর্ষদের সভায় এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে," বলেন। মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সভাপতি মো. জাকারিয়া সাংবাদিকদের বলেন, "এ ব্যাপারে আমি কিছু জানি না।" রাজনগর থানার ওসি সেলিম নেওয়াজ জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি। কেউ আটকও হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫১ ঘ.