রংপুর, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিটেনাস আতঙ্কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আট নম্বর অর্থোপেডিকস ওয়ার্ড সোমবার রাতে সিলগালা করে দেওয়া হয়েছে। ওয়ার্ডে চিকিৎসাধীন ৫৯ রোগী এখন হাসপাতালের খোলা জায়গায় অবস্থান করছে।
ওই ওয়ার্ডের এক রোগী টিটেনাসে আক্রান্ত হওয়ায় অন্য রোগীদের থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগী কীভাবে টিটেনাসে আক্রান্ত হলো এবং তা কেন চার দিন পর কেনই বা তা জানা গেল তার কোনো ব্যাখ্যা হাসপাতাল কর্তৃপক্ষ দেয়নি।
হাসপাতাল কর্মকর্তারা জানায়, ১৮ দিন আগে মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর গ্রামের এক বৃদ্ধা আট নম্বর ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি টিটেনাসে আক্রান্ত হন, যা চিকিৎসকরা পরে জানতে পারে। এরপর সোমবার রাতে তড়িঘড়ি করে সব রোগীকে ওয়ার্ড থেকে বের করা হয়।
মঙ্গলবার সকালে হাসপাতালের আট নম্বর অর্থোপেডিক ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ওয়ার্ডেও ঢোকার পথে ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। বাইরে দুজন নার্স টেবিল চেয়ারে বসে কাজ করছেন। তার পাশেই খোলা জায়গায় রয়েছে ৫৯ জন রোগী।
রোগীরা জানায়, সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত কোনো চিকিৎসক বা নার্স তাদের দেখতে আসেনি।
সাঘাটা উপজেলা থেকে আসা রোগী মাকসুদা খাতুন সাংবাদিকদের জানান, সোমবার রাতে কয়েকজন কর্মচারী ও নার্স এসে আকস্মিকভাবে তাদের ওয়ার্ড থেকে বের হয়ে যেতে বলে। কারণ জানতে চাইলে বলা হয়, একজন রোগীনী টিটেনাসে আক্রান্ত হয়েছে। সেখানে থাকা যাবে না ।
একই কথা বলেন শহরের রাধাবল্লভ এলাকার মমতাজ বেগমসহ অন্যরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্স জানান, এক বৃদ্ধা চার দিন আগে টিটেনাসে আক্রান্ত হন। কিন্তু চিকিৎসকরা সোমবার বিষয়টি নিশ্চিত হয়। এ কারণেই সেখানকার সব রোগীকে বের করে দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক জানান, টিটেনাস ছোঁয়াচে রোগ। এ কারণেই তাদের বের করে দেওয়া হয়েছে।
তবে আরো কেউ আক্রান্ত হয়েছে কি না এমন প্রশ্নের জাবাবে ওই চিকিৎসক বলেন, যেহেতু রোগটি ছোঁয়াচে তাই আক্রান্ত হওয়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. তৌফিকুল ইসলাম জানান, টিটেনাসে আক্রান্ত রোগীকে সরিয়ে ফেলা হয়েছে। পুরো ওয়ার্ড জীবাণুমুক্ত করার পর রোগীদের সেখানে নেওয়া হবে।
অর্থোপেডিক ওয়ার্ডের রোগীরা অভিযোগ করেন, সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ওয়ার্ডটি জীবাণুমুক্ত করার কোনো পদক্ষেপ নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ
পরিচালক বলেন, কাজ শুরু হলে ৪৮ ঘণ্টা সময় লাগবে ওয়ার্ড জীবাণুমুক্ত করতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮২০ ঘ.
bdnews24