২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় ২ স্কুলছাত্রীসহ নিহত ৬

চার জেলায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রীসহ ছয় জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। এরমধ্যে চাঁদপুরের হাজিগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় এক স্কুলছাত্রীসহ দুই জন, বাসচাপায় ঝালকাঠিতে এক স্কুলছাত্রী ও মাদারীপুরে এক নববধূ এবং রংপুরের পীরগঞ্জে বাস উল্টে দুই যাত্রীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 08:53 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার জেলায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রীসহ ছয় জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। এরমধ্যে চাঁদপুরের হাজিগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় এক স্কুলছাত্রীসহ দুই জন, বাসচাপায় ঝালকাঠিতে এক স্কুলছাত্রী ও মাদারীপুরে এক নববধূ এবং রংপুরের পীরগঞ্জে বাস উল্টে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর চাঁদপুর: জেলার হাজীগঞ্জ উপজেলায় সকাল সাড়ে ১০টার দিকে স্কুলছাত্রীসহ দুই জন নিহত হয়েছে। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় দেড়ঘণ্টা চাঁদপুর-হাজিগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত নিঝুম (৬) উপজেলার টোরাগড় এলাকার মো. অহিদুজ্জামানের মেয়ে এবং নিহত রিকশাচালক কামাল (৩৫) একই এলাকার আব্দুল বারেকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হাজীগঞ্জ মৈত্রী কিন্ডারগার্টেনের ছাত্রী নিঝুম স্কুল ছুটি শেষে রিকশায় করে বাড়ি ফিরছিলো। পথে টোরাগড় এলাকার ওয়াপদা অফিসের পাশের সড়কে একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিঝুম ও কামালের মৃত্যু হয়। হাজীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, ট্রাক্টরটি আটক করা হয়েছে। চালক পলাতক। বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদে বাসচাপায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। নিহত সাথি (১০) আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী। সে উপজেলার কৌরুয়াকাঠি গ্রামের সেলিম খানের মেয়ে। স্থানীয় মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পার হতে গেলে ছাত্রীটিকে বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মাদারীপুর: জেলার তাঁতীবাড়ি এলাকায় বেলা ১১টার দিকে বিআরটিসি বাসের ধাক্কায় এক নববধূর মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। রাস্তার উভয় পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত নাসিমা বেগম (২১) উপজেলার মস্তফাপুরের খৈয়ারভাঙ্গা গ্রামের খোকন মাদবরের স্ত্রী। ১০ দিন আগে তার বিয়ে হয়। সদর থানার ওসি মো. কাউয়ুম আলী সরদার জানান, নাসিমা স্বামীর সঙ্গে মাদারীপুর যাওয়ার জন্য তাঁতীবাড়ি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। এসময় বিআরটিসি'র একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি জানান, বাস চালক পালিয়ে গেছে। বাসটি আটক করা হয়েছে। রংপুর: জেলার পীরগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত এক জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হুজুর আলী (৩৫)। বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার মুটুকপুর গ্রামে। রুপালি পরিবহণের ওই বাসটি ডোমার থেকে ঢাকা যাচ্ছিল বলে স্থানীয়রা জানায়। মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনছার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি কলাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহতদের মধ্যে আট জনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং ১২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/