ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্বাচন কমিশনকে (ইসি) সহয়তা করতে নির্দলীয় ও নিরপেক্ষ সরকার থাকা প্রয়োজন বলে মনে করেন গণ ফোরাম সভাপতি কামাল হোসেন।
পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপের সমালোচনা করে বাহাত্তরের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ড. কামাল বলেছেন, এখন ষোড়শ সংশোধনী এনে আরো দুই মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখা উচিৎ।
সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে দলের এই অবস্থান তুলে ধরেন তিনি।
নির্বাচিত সরকারের অধীনে গ্রহণযোগ্য সংসদ নির্বাচন সম্ভব কি না- সে আশঙ্কার কথাও প্রকাশ করেছেন গণ ফোরাম সভাপতি।
কামাল হোসেন বলেন, "২০০৫ সালে ঐক্যমতের ভিত্তিতে প্রণীত ২৩ দফায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল।...এমন কী ঘটেছে যে, ঐক্যমত্য থেকে সরে আসতে হয়েছে?"
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গত ৩০ জুন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করা হয়।
এই অবস্থায় ষোড়শ সংশোধনী এনে আরো অন্তত দুই মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখার প্রস্তাব করেন গণফোরাম সভাপতি। 'স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান' হিসেবে নির্বাচন কমিশনকেও এর পক্ষে কথা বলতে অনুরোধ করেন তিনি।
ইসির উদ্দেশে কামাল বলেন, "কীভাবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হবে? অলটারনেটিভ গভর্নমেন্ট হতে পারে। তত্ত্বাবধায়ক না থাকলে নির্বাচনের আগের ৯০ দিন দেশের শাসন ব্যবস্থার দায়িত্ব ইসিই নিতে পারে। এ ব্যবস্থাতো সংশোধনীতে করা হয়নি। এখন ষোড়শ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার কার্যকর করা হোক।"
রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচনের বিরোধিতা করে এই আইনজীবী বলেন, "ইলেকটেড বডি যে ভালো করছে না- অতীতে তা দেখেছি। (পঞ্চদশ সংশোধনীতে) বর্তমান সরকারের অধীনে নির্বাচনের কথা বলা হলেও সিইসি জানিয়েছেন- বিষয়টি ওপেন রাখা হয়েছে। এটা ভালো কথা। সুষ্ঠু নির্বাচনের জন্য কী ধরনের ব্যবস্থা দরকার তা ইসিকে বলতে হবে।"
তত্ত্বাবধায়ক বিলুপ্তির পর 'এটা খুবই জাতীয় ক্রাইসিরে সময়' মন্তব্য করে গণফোরাম সভাপতি বলেন, "অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ না থাকলে সংবিধান থাকে না, গণতন্ত্রও থাকে না।"
ইভিএমে সমর্থন
ইসির সঙ্গে সংলাপে জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে পুরো সমর্থন দিয়েছে গণফোরাম।
দলটি বলছে, ২০০৫ সাল থেকেই এ প্রযুক্তি প্রবর্তনের দাবি জানিয়ে আসছে তারা। ইসি এখন এই উদোগ নেওয়ায় অভিন্দন জানিয়েছেন গণফোরাম সভাপতি।
নির্বাচন কমিশনারদের বিতর্কের ঊর্ধ্বে রাখতে নিয়োগ পদ্ধতি প্রণয়ন ও সীমানা নির্ধারণ আইন করার পক্ষে গণফোরাম। তবে নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য জনতহবিল গঠনের বিরোধিতা করেছে দলটি।
মঙ্গলবার গণফ্রন্ট ও প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপির সঙ্গে ইসির সংলাপ হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/০০৪৯ ঘ.
bdnews24