ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসী বাংলাদেশিরা গত অর্থবছরে মোট এক হাজার ১৬৫ কোটি ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের (২০০৯-১০) তুলনায় ছয় শতাংশ বেশি।
২০০৯-১০ অর্থবছরে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স হিসেবে এসেছিলো এক হাজার ৯৮ কোটি ৭৪ লাখ ডলার।
সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০১০-১১ অর্থবছরের শেষ মাস, অর্থাৎ জুনে রেমিটেন্সের পরিমাণ ছিল ১০৩ কোটি ৮১ লাখ ডলার। এর আগের অর্থবছর একই মাসে ৮৯ কোটি ২২ লাখ ডলার রেমিটেন্স এসেছিল।
বিদায়ী অর্থবছরে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে মার্চ মাসে, ১১০ কোটি ৩০ লাখ ডলার। এর আগে কখনোই এক মাসে এতো বেশি রেমিটেন্স আসেনি।
এ ছাড়া গত এপ্রিলে ১০০ কোটি ২০ লাখ ডলার, মে মাসে ৯৯ কোটি ৮৪ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা।
২০১০-১১ অর্থবছরে আসা রেমিটেন্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা) মাধ্যেমে এসেছে ৩০ কোটি ১২ লাখ ডলার। এ ছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে আসে ৭০ কোটি ৬৮ লাখ ডলার।
এর বাইরে বিশেষায়িত দুই ব্যাংক- কৃষি ব্যাংক ও বেসিক ব্যাংকের মাধ্যমে ১ কোটি ২০ লাখ ডলার দেশে এসেছে। বাকি এক কোটি ৭৯ লাখ ডলার এসেছে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে।
বাংলাদেশ ব্যাংক বলছে, বিশ্বমন্দার পরও ২০০৯-১০ অর্থবছরে রেমিটেন্স প্রবাহের প্রবৃদ্ধি ছিলো ১৩ দশমিক ২৫ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/জেকে/২৩০৪ ঘ.
bdnews24