২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ সাংসদের বিরুদ্ধে দুর্নীতি মামলা

সম্পদের তথ্য গোপনের অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নান ও তার স্ত্রী শাহদারা মান্নানের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 04:45 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা. জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপনের অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নান ও তার স্ত্রী শাহদারা মান্নানের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের উপ-পরিচালক মো. ইব্রাহিম সোমবার দুপুরে রমনা থানায় মামলা দুটি দায়ের করেন। রমনা থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাংসদ মান্নান ৫১ লাখ ও তার স্ত্রী ২০ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে মামলা দুটিতে অভিযোগ আনা হয়েছে। বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুদক থেকে ২০০৯ সালে আমাকে একটি চিঠি দিয়ে আমার ও আমার স্ত্রীর সম্পদের হিসাব চাওয়া হয়। কিন্তু কতোদিনের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে তা ওই চিঠিতে উল্লেখ ছিল না।" ছাত্রলীগের এই সাবেক সভাপতি দাবি করেন, সম্পদের হিসাব জমা দিলেও দুদক তা গ্রহণ করেনি। মান্নান বলেন, "আমি কোনো সম্পদের হিসাব গোপন করিনি। আমার বা আমার পরিবারের কোনো অবৈধ সম্পদ নেই।" বিষয়টি আদালতেই প্রমাণ হবে বলে উল্লেখ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/২২৪৪ ঘ.