২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে মনমোহনের ফোন

বাংলাদেশ নিয়ে মন্তব্যে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং সোমবার রাতে টেলিফোন করেছেন শেখ হাসিনাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 03:24 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ নিয়ে মন্তব্যে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং সোমবার রাতে টেলিফোন করেছেন শেখ হাসিনাকে। দৃশ্যত এই বিতর্কের ইতি টানতেই ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশি প্রধানমন্ত্রীকে টেলিফোন করলেন। প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী রাত ৮টার দিকে গণভবনে টেলিফোন করে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, "৬ ও ৭ সেপ্টেম্বর সস্ত্রীক বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করে ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই সফর হবে ঐতিহাসিক। সব দিক বিবেচনায় দুই দেশের জনগণের প্রত্যাশাই পূরণ হবে।" এর আগে ঢাকা-দিল্লি কূটনৈতিক দেন-দরবারের মধ্যে রোববার রাতে প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারতীয় প্রধানমন্ত্রী যে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আমাদের প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি ব্যাখ্যা করবেন- তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই।" গত ২৯ জুন নয়া দিল্লিতে কয়েকজন সম্পাদকের সঙ্গে এক মতবিনিময় সভায় ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, "আমাদের মনে রাখতে হবে যে, অন্তত ২৫ শতাংশ বাংলাদেশি জামায়াতে ইসলামীর সমর্থক এবং তারা তীব্র ভারতবিরোধী। অনেক সময় তারা আইএসআইর (পাকিস্তানি গোয়েন্দা সংস্থা) পরামর্শে কাজ করে।" সম্পাদকদের সঙ্গে ওই আলোচনার লিখিত রূপ প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে প্রকাশের পর তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। ভারতীয় গণমাধ্যমের সমালোচনার পর মন্তব্যটি প্রত্যাহার করে নেয় দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, মনমোহনের ওই বক্তব্য ছিল 'অফ দা রেকর্ড'। এবং কোনোভাবেই তা বাংলাদেশ সম্পর্কে ভারতীয় প্রধানমন্ত্রীর মূল্যায়ন নয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, টেলিফোনে শেখ হাসিনা সরকারের ভূয়সী প্রশংসা করে মনমোহন বলেছেন, তার প্রাজ্ঞ ও গতিশীল নেতৃত্বে আর্থ সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। তিনি হাসিনার মাধ্যমে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন বলেও উল্লেখ করেন আজাদ। প্রধানমন্ত্রী প্রেস সচিব বলেন, "ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন- তিনি বিশ্বাস করেন, বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয়। বাংলাদেশ প্রতিবেশি রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী।" দুই দেশের মধ্যে কোনো সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন মনমোহন। জবাবে শেখ হাসিনা তাকে বলেন, বাংলাদেশের জনগণ ভারতীয় প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের জানুয়ারিতে ভারত সফরের সময় সে দেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। তাতে সাড়া দিয়ে রোববার মনমোহনের রাষ্ট্রীয় সফরের তারিখ ঘোষণা করে ভারত। দুপুরে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা এই সফরে দুদেশের প্রধানমন্ত্রী বাণিজ্য সহযোগিতা, দ্বিপক্ষীয় সম্পর্ক, অভিন্ন নদীর পানি বণ্টন, বিদ্যুৎ খাতে সহযোগিতা, স্থলসীমা নির্ধারণ, সীমান্ত ও আঞ্চলিক নিরাপত্তা এবং দুদেশের নাগরিকদের আন্তঃযোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে ত্রয়োদশ সার্ক সম্মেলনে যোগ দিতে ২০০৫ সালের নভেম্বরে ঢাকা আসেন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহনের সফরের দেড় মাস আগেই বাংলাদেশে আসছেন ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ২৫ জুলাই অটিস্টিক শিশুদের একটি সম্মেলনে যোগ দেবেন তিনি। এছাড়া আগামী ৬ জুলাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা এবং চলতি মাসেই দেশটির পানিসম্পদমন্ত্রী সালমান খুরশিদের ঢাকায় আসার কথা রয়েছে। সালমান খুরশিদের সফরেই তিস্তার পানিবণ্টন চুক্তি চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আর চুক্তি স্বাক্ষর হবে প্রধানমন্ত্রী মনমোহনের সফরের সময়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/জেকে/২২৩৪ ঘ.

এ সম্পর্কিত আরো খবর