বরিশাল, জুলাই ০৩(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাবের করা অস্ত্র মামলায় আদালতে হাজিরা র্যাবের গুলিতে পা হারানো লিমনকে ঝালকাঠি আনা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টায় আইন ও সালিশ কেন্দ্রের প্রতিনিধিরা তাকে ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতাল থেকে ঝালকাঠি নিয়ে আসে।
লিমনের আইনজীবী মানিক আচার্য জানিয়েছেন, লিমনের বিরুদ্ধে র্যাবের দায়ের করা অস্ত্র আইনের মামলার ধার্য তারিখ রোবরার (৩ জুলাই)। এ মামলায় ঝালকাঠি বিশেষ ট্রাইবুন্যালে হাজিরা দিতে তাকে ঝালকাঠি আনা হয়েছে।
লিমনের জন্য আইন ও সালিশ কেন্দ্র নিয়োজিত আইনজীবী আব্দুর রশীদ জানিয়েছেন, ঢাকার ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একদিনের ছুটি নিয়ে লিমনকে ঝালকাঠি আনা হয়েছে।
লিমনের সঙ্গে আরো আসে আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান, তথ্য কর্মকর্তা আবু আহম্মেদ ফয়জুল কবীর, আ্যাডভোকেট আতাউল্লাহ নূরুল কবীর ও অ্যাডভোকেট আব্দুর রশীদসহ ১০ সদস্যের একটি দল।
আইনজীবী আব্দুর রশীদ আরো জানান, ঝালকাঠি শহরে ধানসিঁড়ি রেস্ট হাউজে রাতে লিমনের থাকার ব্যাবস্থা করেছে আইন ও সালিশ কেন্দ্র।
গত ২৩ মার্চ র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হলে ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দারহাটের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী লিমন হোসনের একটি পা কেটে বাদ দিতে হয়।
একইদিন র্যাব লিমনের বিরুদ্ধে দু'টি মামলা করে। একটি অস্ত্র আইনে এবং একটি সরকারি কাজে বাধাদানের অভিযোগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩৪৮ ঘ.
bdnews24