ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীতে ডাইং কারখানার বিষাক্ত তরল বর্জ্য ফেলার অপরাধে বর্ণালী ফেব্রিকস লিমিটেড নামে একটি কারখানার মালিককে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী কারখানার মালিককে অধিদপ্তরে হাজির করে এ জরিমানা করেন।
এ সময় কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম এ রশিদ দূষণের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে ইটিপি স্থাপন এবং ২৪ ঘণ্টার মধ্যে নদীগর্ভে স্থাপিত অবৈধ পাইপ লাইন তুলে নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
এর আগে শনিবার একই এলাকার আইডিয়াল টেক্সটাইলকে নদী দূষণের দায়ে সাড়ে ৩৮ লাখ টাকা জরিমানা করা হয়েছিলো।
পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার পরিবেশ অধিদপ্তর ধলেশ্বরী নদী সংলগ্ন মুক্তারপুর ফেরীঘাট এলাকায় অভিযানে বর্ণালী ফেব্রিকসের বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) সম্পূর্ণ অকার্যকর ও পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/২১৫৬ ঘ.
bdnews24