ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আনন্দ-আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়েছে।
রোববার পুরান ঢাকার স্বামীবাগ থেকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ'র (ইসকন) উদ্যোগে অনুষ্ঠিত হয় রাজধানীর সবচেয়ে বড় রথযাত্রা।
বিকাল ৩টায় ইসকন মন্দির থেকে শুরু হয়ে শোভাযাত্রাসহ রথটিকে টেনে টিকাটুলি, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, প্রেসক্লাব, দোয়েল চত্বর, টিএসসি, জগন্নাথ হলের সামনে দিয়ে পলাশী হয়ে ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে যাওয়া হয়।
এর আগে সকালে স্বামীবাগে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে শুরু হয় রথ উৎসব।
ইসকন বাংলাদেশের যুগ্ম-সম্পাদক জগৎগুরু গৌরাঙ্গদাস জানান, আগামী ১১ জুলাই উল্টোরথের দিন ঢাকেশ্বরী মন্দির থেকে রথটি ফিরতি পথে (উল্টো) স্বামীবাগে পৌঁছবে।
তিনি আরো জানান, এ নয়দিন (১১ জুলাই পর্যন্ত) হোমযজ্ঞ, পদাবলী কীর্তন, ভজন কীর্তন, আলোচনা, বৈদিক নৃত্য, ধর্মীয় নাটক ও শোভাযাত্রার আয়োজন করেছে ইসকন।
সনাতন শাস্ত্রমতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ লাভ হয় বা জীবরূপে আর জন্মলাভ হয় না।
এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা অনুষ্ঠান করা হয়।
রথযাত্রা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানেও উৎসব ও মেলার আয়েজন করা হয়।
এছাড়া খুলনা, ঠাকুরগাঁও, পাবনা, ফেনী, নওগাঁ ও নেত্রকোনায়ও যথাযোগ্য মর্যাদায় উৎসব পালিত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/প্রতিনিধি/ডিডি/২০৫৩ ঘ.
bdnews24