সিরাজগঞ্জ, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে নৌকাডুবির চারদিন পার হলেও নিখোঁজ তিন শিক্ষার্থী ও এক বৃদ্ধের সন্ধান মেলেনি।
ঘটনার পর থেকে ডুবুরী দল ও স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার অভিযান চালালেও এদের উদ্ধার করা সম্ভব হয়নি। নদীতীরে চলছে নিখোঁজ স্বজনদের আহাজারি।
এরা হলেন-উমারপুর ইউনিয়নের চান্দুইর রেজিস্ট্রার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও চতুর্থ শ্রেণীর ছাত্রী সুফিয়া খাতুন (১২) ও নাজমা খাতুন (১১), শৈলজানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র মাসুদ রানা (৯) এবং চান্দুইর গ্রামের বৃদ্ধ আ. গণি (৭৫)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জানান, যমুনা ও পদ্মা নদীর মোহনার কাছাকছি নৌকা ডুবির ঘটনাটি ঘটে। চারিদিকে পানি এবং প্রবল স্রোতের কারণে ব্যাপক তল্লাশির পরও ডুবে যাওয়া নৌকা ও নিখোঁজদের খোঁজ পাওয়া যায়নি।
তিনি জানান, শুক্রবার উদ্ধার অভিযান সমাপ্ত করেছে ডুবুরীদল। স্থানীয়ভাবে নৌকা দিয়ে চালানো অভিযানও বন্ধ রয়েছে।
বুধবার উপজেলার উমারপুর ইউনিয়নের দত্তকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা শেষে সন্ধ্যায় ৬৩ জন ছাত্র/ছাত্রী, অভিভাবক ও শিক্ষকরা মিলে বাড়ি ফেরার পথে আগশিমুলিয়াছোল চরে নৌকাটি ডুবে যায়।
৫৯ জনকে উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৩৫৯ ঘ.
bdnews24