২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে নির্বাচনী সহিংসতায় নিহত এক

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় ইউপি নির্বাচনে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে জনতা-পুলিশ সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 05:26 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

টাঙ্গাইল, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় ইউপি নির্বাচনে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে জনতা-পুলিশ সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। আহত হয় পুলিশসহ অন্তত অর্ধশত। এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যায় সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনায় নিহত হন কায়সার (১৫)। কায়সার ইউনিয়নের ছুনুটিয়া গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে। গোপালপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) উত্তম প্রসাদ পাঠক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে কেন্দ্রের ভোট গণনা শেষে কর্মকর্তারা ব্যালট বাক্স নিয়ে উপজেলায় আসার উদ্যোগ নেন। এ সময় স্থানীয় জনতা ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশ প্রথমে লাঠিপেটা ও পরে গুলিবর্ষণ করে। এএসপি আরো জানান, জানতার হামলায় তিনি নিজে, কালিহাতি থানার ওসি ইউনুস আলী, টাঙ্গাইল সদর থানার ইন্সপেক্টর ওবায়দুর রহমানসহ ২০ পুলিশ সদস্য আহত হয়। অন্তত ৩০ জন স্থানীয় লোকজন আহত হয় বলেও তিনি জানান। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় ওসি ইউনুস আলীকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে গুলিতে কেউ নিহত হওয়ার কথা এএসপি উত্তম স্বীকার করেননি। টাঙ্গাইলের জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছুনুটিয়া গ্রামের কায়সারকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। কায়সারের লাশ এখন টাঙ্গাইলের জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। কালিহাতি থানা বিএনপি সভাপতি লুৎফর রহমান মতিন জানান, সহদেবপুর কেন্দ্রে ভোটের পর সহিংসতায় ছুনুটিয়া গ্রামের কায়সার মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩২০ ঘ.