মাদারীপুর, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচরে ধর্ষণ চেষ্টার বিচার চাওয়ায় দোররা মেরে স্কুল থেকে বের করে দেওয়া ছাত্রীটি আবার স্কুলে ফিরে গেছে।
শনিবার সকালে পুলিশ তাকে শ্রেণীকক্ষে বসিয়ে দিয়ে আসে বলে জানান মাদারীপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি)।
তবে ধর্ষণ চেষ্টা মামলার আসামি রাসেল, সালিশের উদ্যোক্তা স্কুলের প্রধানশিক্ষক ও ইউপি চেয়ারম্যানকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এসপি মো. নজরুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার সকালে আমি, সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ, শিবচর থানার ওসি মিজানুর রহমানসহ একটি দল শিবচরের চরজানাজাত এলাকায় গিয়ে মেয়েটির পরিবারের সঙ্গে কথা বলেছি এবং মেয়েটিকে স্কুলে ক্লাসে দিয়ে এসেছি।"
তিনি জানান, ছাত্রীটির পরিবারের নিরাপত্তা ও তার লেখাপড়ায় যেন ব্যাঘাত না ঘটে স্কুলের শিক্ষক ও জনপ্রতিনিধিদের সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে।
খুব শিগগিরই মামলার আসামিদের পুলিশ গ্রেপ্তার করতে পারবে বলে এসপি আশা প্রকাশ করেন।
গত ৯ জুন স্কুলে যাওয়ার পথে স্থানীয় 'বখাটে' রাসেল ছাত্রীটিকে অস্ত্রের মুখে পাট ক্ষেতে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। মেয়েটির বাবা স্কুলের প্রধানশিক্ষককে এর বিচার করতে বলেন।
গত ২২ জুন স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বজলুর রহমান সরকার গ্রাম্য সালিসে স্কুল ছাত্রীটিকে ৫০ ঘা দোররা মেরে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়ে স্কুল থেকে বের করে দেন।
৩০ জুন মেয়েটির বাবা বিষয়টি থানাকে অবহিত করেন। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) আহম্মদ আলী বলেন, বখাটে রাসেলকে ধরতে কয়েকবার অভিযান চালানো হয়েছে। আশা করছি খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা যাবে।
স্কুল শিক্ষক ও ইউপি চেয়ারম্যানও পলাতক রয়েছেন বলে এসআই আহম্মদ আলী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৪৪ ঘ.
bdnews24