সাভার, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাভারে চেয়ারম্যান প্রার্থীসহ ২৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার প্রথম প্রহরে ২৫ প্রার্থীকে এক লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদ হোসেন পনির।
ঢাকার সাভার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দ্বিতীয় দফায় পাঁচটি ইউনিয়নে রোববার ভোটগ্রহণ হবে।
অভিযানে আরো অংশ নেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সাভার ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ মোমিন মিয়া, ঢাকা জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহজাহান মিয়া।
এএসপি শাহজাহান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেয়ালে পোস্টার ও বিভিন্ন স্থানে প্রার্থীদের ছবি সম্বলিত স্টিকার, অর্থ বিতরণ, খাদ্য বিতরণসহ বিভিন্নভাবে নির্বাচনী আচরনবিধি ভঙ্গ করার কারণে ২৫ জনকে এ জরিমানা করা হয়।
তিনি জানান, তিন ইউনিয়নে ১০ জন চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা করে এবং সদস্য প্রার্থীকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
গত ৩১ মে থেকে এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২১১ ঘ.
bdnews24