মিন্টু চৌধুরী ও মিঠুন চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধস ঠেকাতে পাহাড়ের একপাশে দেওয়া হয়েছিলো ২৫ ফুট উঁচু ও ১০০ ফুট দীর্ঘ প্রতিরোধ দেওয়াল। প্রবল বৃষ্টিতে পাহাড়ের মাটির চাপে সেই দেওয়াল ধসেই মৃত্যু হলো পাঁচ পরিবারের ১৬ সদস্যের। এর মধ্যে দুটি পরিবারের সাত সদস্যের কেউই আর বেঁচে নেই।
শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের টাইগারপাস এলাকার বাটালি হিলের ঢালে এ দুর্ঘটনার পর থেকে উদ্ধারকাজে চালিয়ে যাচ্ছে সেনা ও দমকল বাহিনীর সদস্যরা। স্থানীয় লোকজন, পুলিশ, র্যাব ও রেডক্রিসেন্টকর্মীরা তাদের সহায়তা করছেন। সেনাবাহিনীর একটি চিকিৎসকদলও রয়েছে সেখানে।
প্রবল বর্ষণে এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য স্থানীয় বাসিন্দারা দুষছেন সিটি করপোরেশন কর্তৃপক্ষকে। তাদের অভিযোগ, নির্মাণ কাজে গাফিলতির কারণেই দেয়ালটি ধসে পড়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ ও খুলশী থানা পুলিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, চাপা পড়া দেয়ালের নিচ থেকে রাতে দুই পরিবারের চার জনের লাশ উদ্ধার করা হয়। এর আগে বিকাল সাড়ে পাঁচটার দিকে এক পরিবারের চার সদস্য এবং দুপুরের আগে আরো ৮ জনের লাশ পাওয়া যায়। এ ছাড়া ঘটনাস্থল থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে আনোয়ার ও দেলোয়ারা নামে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ১৪ জনের মধ্যে আট জনই শিশু। এর মধ্যে দুটি পরিবারের সব সদস্যই মারা গেছে।
নিহতরা হলো- রেহানা বেগম (৪০), তার মেয়ে ফাতেমা (৯), তানজিনা (২) ও শারমিন (২২), ছেলে মো. আজাদ (১০); মো. আমজাদ হোসেন (৩৮), তার স্ত্রী রাজিয়া বেগম (২৭) ও মেয়ে শারমিন (১০); শফিকুল্লাহ (৪০), তার স্ত্রী মিলু আক্তার (৩০), ছেলে মিরাজ (৫) ও মেয়ে সোনিয়া (৮); আরেক পরিবারের ভাইবোন সাজ্জাদ (৫) ও শাহিদা (৪) এবং শাহীনুর (১৮) নামের এক বোবা কিশোরী ও তার মা রিজিয়া বেগম (৩৮)।
প্রথম পাঁচজনের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। রেহানার স্বামী বাচ্চু মিয়া পেশায় রিকশা চালক। তিনি ভোর পাঁচটায় রিকশা নিয়ে ঘরের বাইরে যাওয়ায় বেঁেচ যান। শেষ চারজনের বাড়ি ফরিদপুরে। এই পরিবারগুলো গত ১০-১৫ বছর ধরে ওই এলাকায় কাঁচা ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছিল।
ঘটনার পরপরই চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মনজুর আলম ও চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীন, স্থানীয় সাংসদ নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু ও নগর বিএনপি'র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বিকেলে ঘটনাস্থল যান।
মেয়র মনজুর আলম সাংবাদিকদের বলেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতিতে ধসের আশঙ্কায় বৃহস্পতিবার বিকালে মাইকিং করে সতর্ক করা হয়েছিল। ৩০টি পরিবারকে সরিয়েও দেওয়া হয়েছিল। কিন্তু তারা আবার ঘরে ফিরে আসায় দুর্ঘটনার শিকার হতে হয়েছে।
নিহত ও আহতদের উদ্ধার এবং মৃতদেহ স্বজনদের কাছে পৌঁছাতে সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এলাকাবাসীর অভিযোগ
এলাকাবাসী বলছে, দুর্ঘটনাস্থলের জায়গার মালিক বাংলাদেশ রেলওয়ে হলেও বাটালি হিল রক্ষায় প্রতিরোধ দেওয়াল নির্মাণ করেছিল চট্টগ্রাম সিটি করপোরেশন। প্রায় এক বছর আগে নির্মাণ কাজ শুরু হলেও এখনো তা পুরোপুরি শেষ হয়নি। নির্মাণ কাজের অব্যবস্থাপনার কারণেই দেয়ালটি ধসে পড়েছে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা।
দুর্ঘটনাকবলিত এলাকার আশেপাশে কমপক্ষে ৩৫ পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে বলেও তারা জানান।
পাহাড়ের পাদদেশের বাসিন্দা মো. মুসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সৌভাগ্যক্রমে আমরা দেওয়াল ধসের হাত থেকে বেঁেচ গেছি।"
সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদের সরিয়ে দেওয়া হলেও রাতে থাকার জন্য পূর্ব টাইগার পাস সরকারি প্রাথমিক বিদ্যালয়টি খুলে না দেওয়ায় আবার তারা পাহাড়ের ঢালে নিজেদের বাসায় ফিরে আসে বলে দাবি করেন তিনি।
"স্কুলে থাকার ব্যবস্থা হলে হয়তো এতো মানুষের মৃত্যু হতো না", আক্ষেপ মুসলিমের।
তবে এ অভিযোগ অস্বীকার করে জেলা প্রশাসক ফয়েজ আহমদ বলেছেন, স্কুল খোলা থাকলেও সেখানে না থেকে লোকজন পাহাড়ে নিজেদের ঘরে চলে যায়। বৃহস্পতিবার রাতে তাদের পুলিশ, র্যাব, সিটি করপোরেশন জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুরোধ করা হলেও তারা সেখান থেকে সরেনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দেয়াল ঘেঁষে গড়ে ওঠা ঘরগুলোর মালিক মো. আইয়ুব ও মোরশেদ নামে দুই ব্যক্তি। তবে বাটালি হিলের দেখভালের দায়িত্ব গণপূর্ত বিভাগের।
খুলশী থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিহতদের জানাজা শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তদন্ত কমিটি
পাহাড় ধসে প্রাণহানির ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহসানে এলাহীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্তদল কাজ শুরু করেছে। আগামী পাঁচদিনের মধ্যে তাদের দুর্ঘটনার কারণ জানাতে হবে।
কমিটিতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল, চট্টগ্রাম মহানগর পুলিশ, চট্টগ্রাম সিটি করপোরেশন ও গণপূর্ত বিভাগের একজন করে সদস্য রাখা হয়েছে।
কমিটির প্রধান এহসানে এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারণ অনুসন্ধানের জন্য পাঁচদিনের সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে তদন্ত কমিটিতে আরও সদস্য সম্পৃক্ত করা যাবে।
এর আগে ২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামে পাহাড় ধসে ১২৮ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি একে 'মানবসৃষ্ট বিপর্যয়' হিসেবে চিহ্নিত করে এবং ওই গণমৃত্যুর জন্য পাহাড় দখলকারী প্রভাবশালী ভূমিদস্যুদের এবং পাহাড়ে নিু আয়ের মানুষের ঝুঁকিপূর্ণ বসবাসকে দায়ী করে। পরের বছর লালখান বাজারের মতিঝর্ণায় মাটি চাপা পড়ে মারা যান ১১ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএল/জেকে/০২২৫ঘ.
bdnews24