২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস শুক্রবার

নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হবে শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 04:34 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হবে শুক্রবার। এবার দিবসটির প্রতিপাদ্য 'জাতীয় উন্নয়নে উচ্চশিক্ষা'। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল পৌনে ৯টায় সব হল থেকে শোভাযাত্রাসহ প্রশাসনিক ভবনে জমায়েত, ৯টায় জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও সব হলের পতাকা উত্তোলন, কেক কাটা, শোভাযাত্রাসহ টিএসসিতে জমায়েত। সকাল পৌনে ১০টায় টিএসসি মিলনায়তনে আয়োজন করা হয়েছে আলোচনা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের। এতে 'জাতীয় উন্নয়নে উচ্চশিক্ষা' শীর্ষক নিবন্ধ উপস্থাপন করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক একে আজাদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়া রয়েছে বেলা দেড়টায় বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে গবেষণা ও আবিষ্কার বিষয়ক প্রদর্শনী, বেলা আড়াইটায় টিএসসিতে বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের সংগঠনের আয়োজনে বিতর্ক অনুষ্ঠান, বিকাল ৩টায় সব বিভাগ ও অনুষদে বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান। বিকাল পৌনে ৪টায় টিএসসি মিলনায়তনে গ্র্যান্ড মাস্টার্স র‌্যাপিড দাবা প্রতিযোগিতা, বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রীতি ফুটবল এবং বিকাল ৫টায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ এবং সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিকাল ৫টায় টিএসসি মিলনায়তনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় নাট্যকলা বিভাগের উদ্যোগে নাটক মঞ্চায়ন ও মল চত্বরে ব্যান্ড সঙ্গীত পরিবেশিত হবে। এছাড়া টিএসসিতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে সংরক্ষিত পাণ্ডুলিপি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বিশ্ববিদ্যালয় খোলা থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২১৩ ঘ.