২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বিএনপির মিছিলে লাঠিপেটা

নোয়াখালীতে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় ১১ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 04:33 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

নোয়াখালী, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় ১১ জন আহত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে জেলা বিএনপি বৃহস্পতিবার বিকেলে এই মিছিল বের করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নোয়াখালী পৌরভবনের সামনে থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের দক্ষিণ দিকে অগ্রসর হলে জেলা জামে মসজিদ মোড়ে পুলিশ বাধা দেয়। মিছিলকারীরা বাধা অতিক্রম করে সামনে এগুনোর চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা শুরু করে। এসময় মিছিলকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে। পুলিশের লাঠিপেটায় শহর বিএনপির সহ-সভাপতি দোলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আবু হানিফ, ছাত্রদলের জহিরুল ইসলাম তারেক, ফারুক হোসেন নয়ন, পূর্ণ বরণ চাষী, মো. ফারুক, মামুন, রাব্বী, জাবেদ, হিরন ও রিকু আহত হয়। একই সময় জামে মসজিদের সামনে থেকে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা ও ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। শহর বিএনপি'র সাধারণ সম্পাদক আবু নাছের অভিযোগ করেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিয়েছে এবং লাঠিপেটা করেছে। সুধারাম থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২২২৮ ঘ.