২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতির পিতা, স্বাধীনতার ঘোষণা সংবিধানে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উল্লেখ করে তার প্রতিকৃতি সংরক্ষণ, প্রদর্শনের বিধান যোগ করা হয়েছে সংবিধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উল্লেখ করে তার প্রতিকৃতি সংরক্ষণ, প্রদর্শনের বিধান যোগ করা হয়েছে সংবিধানে। এতে সন্নিবেশিত হয়েছে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণ, ২৬ মার্চ তার দেওয়া স্বাধীনতার ঘোষণা এবং ১৯৭১ সালের মুজিবনগর সরকারের জারি করা স্বাধীনতার ঘোষণাপত্রও। এসব বিষয়সহ সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ বৃহস্পতিবার পাস করেছে জাতীয় সংসদ। সংবিধানের অনুচ্ছেদ ৪ এ প্রতিস্থাপিত দফায় বলা হয়েছে- "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে।" ২০০৪ সালের ১৬ মে সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি এবং সরকারি ও আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিদেশে বাংলাদেশ মিশনে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি বা ছবি প্রদর্শনের বিধান করা হয়েছিল। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার তখনকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণের মাধ্যমে বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেটিও সন্নিবেশিত হয়েছে সংশোধিত সংবিধানে। কয়েক লাখ মানুষের সমাবেশে সেদিন তিনি ঘোষণা করেন, "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।" ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বঙ্গবন্ধুর দেওয়া টেলিগ্রাম এবং ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের জারি করা স্বাধীনতার ঘোষণাপত্রও যোগ সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্য রাত, অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুর পাঠানো ওই টেলিগ্রামে বলা হয়েছে, "ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে, যে যেখানে আছ, যাহার যা কিছু আছে, তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানী দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও।" ওই রাতেই পাকিস্তানি কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার পর ১০ এপ্রিল শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়। ওই দিনই মুজিবনগর সরকার স্বাধীনতার একটি ঘোষণা দেয় যাতে বাংলাদেশের স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশের প্রেক্ষাপট ও রাষ্ট্র কাঠামোর একটি প্রাথমিক রূপরেখা বিশ্ববাসীর কাছে তুলে ধরা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/জেকে/২১১৫ ঘ.