বাগেরহাট, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্থিক নিরাপত্তা না থাকায় কোনো অভিভাবক প্রাথমিক শিক্ষকের সঙ্গে মেয়ে বিয়ে দিতে চায় না। প্রাথমিক স্কুলের শিক্ষিকারাও পাত্র হিসেবে সহকর্মীদের পছন্দ করেন না। আমরা নিজের বেতনের কথা লোকসমাজে বলতে সঙ্কোচ বোধ করি।
কথাগুলো বলেছেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাগেরহাট সদর উপজেলার সাধারণ সম্পাদক অলোকেশ পাল।
বৃহস্পতিবার দুপুরে 'জাতীয় শিক্ষানীতি ২০১০: শিক্ষকদের অধিকার, মর্যাদা ও দায়িত্ব' শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা পরিষদ মিলনায়তনে 'কাড়াপাড়া নারী কল্যাণ সংস্থা' এবং 'গণ স্বাক্ষরতা অভিযান' যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে।
অনুষ্ঠানে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী অনিশা মেহনাজ জানান, জুন মাস শেষ হয়েছে কিন্তু এখনও তাদের স্কুলের কয়েকজন শিক্ষার্থী পাঠ্যবই পায়নি।
বাগেরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারভীন আক্তার জুন মাস শেষ হলেও বই না পাওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, আমাদের কাছে পর্যাপ্ত পাঠ্যবই আছে। তাই কোনো শিক্ষার্থী বই না পেলে সেই দায় ওই স্কুলকেই নিতে হবে।
বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা বনানী রাণী বিশ্বাস জানান, শিক্ষাবর্ষ শুরুর তিন-চার মাস পর কয়েকজন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে বাণিজ্য বিভাগে নাম নিবন্ধন করে। তখন বাণিজ্য বিভাগের বই শেষ হয়ে যাওয়ায় তাদের বই দেয়া যায়নি।
অনুষ্ঠানে প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতির সার্বিক প্রশংসা করা হয়।
বক্তারা শিক্ষকদের বেতন বৃদ্ধি, নোট ও গাইড বই ছাপা এবং বিক্রি বন্ধ, রাজনীতির সাথে শিক্ষক সংগঠনের সম্পৃক্ততা বন্ধ ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ঘুষ, দূর্নীতি ও অনিয়ম বন্ধের আহ্বান জানান।
কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব এর জেলা সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ সুকণ্ঠ কুমার মণ্ডল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮২৫ ঘ.
bdnews24