সাভার, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভার উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) পাঁচটিতে বিএনপি সমর্থক প্রার্থীরা বিজয়ী হয়েছেন। দুইটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থক প্রার্থী।
বুধবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোমিন মিয়া ফল ঘোষণা করেন।
বিএনপির চেয়ারম্যানরা হলেন- আমিনবাজার ইউনিয়নে হাজী কফিল উদ্দিন, তেতুঁলঝোড়ায় হাজী জামাল উদ্দিন সরকার, সাভার সদরে গোলাম মোস্তফা, বিরুলিয়ায় মাহমুদুল হাসান আলাল ও বনগাঁওয়ে সাইদুল ইবনে হাসিব।
আওয়ামী লীগের চেয়ারম্যানরা হলেন- ভাকুর্তা ইউনিয়নে আনোয়ার হোসেন ও কাউন্দিয়ায় সাইফুল আলম খান।
উপজেলার আরো পাঁচটি ইউপিতে আগামী ৩ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ৩১ মে থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৩২৪ ঘ.
bdnews24