নারায়ণগঞ্জ, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্মগঞ্জ এলাকা থেকে অপহৃত শিশু জিহাদের লাশ শীতলক্ষ্যা নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ৭ জনকে আসামি করে একটি মামলা করেছেন জিহাদের মা মাসুমা আক্তার। গ্রেপ্তার হওয়া ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করেছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ওসি আইনুল হক জানান, মামলার প্রধান আসামি ওয়াসিম (২৬) অপহরণ ও হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
জিহাদের ফুফু নাসিমা বেগম জানান, নিহত শিশুটির বাবা আক্তার হোসেন কাজের সূত্রে সিঙ্গাপুরে থাকেন। ৩ লাখ টাকা মুক্তিপণের দাবিতে তাদেরই প্রতিবেশী ওয়াসিম ২৬ জুন রাতে তার সহযোগীদের নিয়ে জিহাদকে অপহরণ করে।
র্যাব-১১ এর নারায়ণগঞ্জ ক্যাম্প অফিসের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কমান্ডার মাহবুবুল আলম জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় সোনারগাঁও উপজেলার কুতুবপুর এলাকার শীতলক্ষ্যা জিহাদের লাশ ভেসে ওঠে। লাশের বিভিন্ন অংশে পচন ধরেছে। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সময় কয়েক শ' মানুষ নদী তীরে ভিড় করে। লাশ পেয়ে কান্নায় ভেঙে পড়ে জিহাদের স্বজনরা। পরে স্থানীয় বাসিন্দারা প্রবল বৃষ্টি উপেক্ষা করে হত্যাকারীদের বিচারের দাবিতে ফতুল্লা থানা ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে।
এর আগে অপহরণের অভিযোগ পাওয়ার পরপরই মঙ্গলবার অভিযান চালিয়ে ওয়াসিমসহ সাত জনকে গ্রেপ্তার করে র্যাব।
ফতুল্লা মডেল থানার ওসি আইনুল হক জানান, মঙ্গলবার রাতেই গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে একটি মামলা করেন জিহাদের মা মাসুদা আক্তার। বুধবার ওই সাত জনকে জিজ্ঞাসবাদের জন্য ৭ দিনের হেফাজত চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, "অপহরণকারী দলের মূল হোতা ওয়াসিম বিকেলে আদালতে ১৬৪ ধারা দেওয়া জবানবন্দিতে স্বীকার করেছে যে, জিহাদ তাকে চিনে ফেলে মামা বলে সম্বোধন করায় মুক্তিপণ পাওয়ার আগেই কাঁচপুর সেতুর ওপর থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করা হয়।"
মামলার অপর আসামিরা হলেন- ফতুল্লার ধর্মগঞ্জ বেপারীপাড়ার সাদেক, ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকার স্বপন, একই এলাকার ইব্রাহিম ওরফে ভুলু, ইব্রাহিমের ছেলে শাকিল, ফতুল্লার ভূঁইগর এলাকার লাকি আক্তার ও বরিশাল জেলার গলাচিপা গিলাবাড়ি এলাকার সালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩০৮ ঘ.
bdnews24