২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধন বিল পাস

সব সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হওয়ার পর বিভক্তি ভোটে পাস হয়েছে পঞ্চদশ সংবিধান সংশোধন বিল, এর মধ্য দিয়ে অবসান ঘটলো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির।

মঈনুল হক চৌধুরী

সুমন মাহবুব ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 05:16 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

বৃহস্পতিবার আইনমন্ত্রী শফিক আহমেদ সংবিধান সংশোধন বিলটি পাসের জন্য উত্থাপনের পর সংশোধন প্রস্তাবগুলো তোলা হয়।

সংশোধন প্রস্তাবগুলো নাকচ হওয়ার পর বিলের ৫৫টি প্রস্তাব অনুমোদনের জন্য বিভক্তি ভোটে দেন স্পিকার আবদুল হামিদ। এতে ২৮৯টি ভোট পক্ষে পড়ে, বিপক্ষে পড়ে শুধু একটি ভোট।

এরপর বিলটি পাসের জন্য সংসদের কাছে আনুষ্ঠানিক আহ্বান জানান আইনমন্ত্রী। কণ্ঠভোটে তা পাস হওয়ার পর এটিও বিভক্তি ভোটে দেওয়া হলে বিল পাসের পক্ষে ভোট পড়ে ২৯১টি, বিপক্ষে পড়ে একটি।

এ সংশোধনীর মধ্য দিয়ে অবসান ঘটলো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির, যা না মানার ঘোষণা দিয়ে আসছে বিরোধী দল। বিভিন্ন মহলের সমালোচনা থাকলেও সংবিধানে বহাল থাকছে রাষ্ট্রধর্ম ইসলাম ও 'বিছমিল্লাহ,,,'।

সংসদে বিলটি পাসের পরপরই বক্তব্য রাখেন সংসদ নেত্রী শেখ হাসিনা। এরপর স্পিকার আগামী ৫ জুলাই বিকাল ৫টা পর্যন্ত অধিবেশন অধিবেশন মুলতবি করেন।

সংসদে বিরোধী দলের অনুপস্থিতিতেই পঞ্চদশ সংবিধান সংশোধন বিল পাস হয়।

স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় সংসদ অধিবেশন শুরু হয়। বিভক্তি ভোটে বিলটি পাস হয় বেলা পৌনে ৩টায়।

এর পরপরই স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম বিলটিতে আপত্তি জানিয়ে তা জনমত যাচাইয়ের জন্য বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। তবে কণ্ঠভোটে তা নাকচ হয়।

তারপর বিলের ওপর সংশোধন প্রস্তাব উত্থাপন করেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মইনুদ্দীন খান বাদল, শাহ জিকরুল আহমেদ, ফজলে হোসেন বাদশা, আমিনা আহমেদ, ফজলুল আজিম ও সাবের হোসেন চৌধুরী।

সরকারি দলের সংসদ সদস্য সাবের ও স্বতন্ত্র সংসদ সদস্য আজিম ছাড়া অন্য সবাই রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে আপত্তি জানান। রাষ্ট্রে বসবাসরত অন্য জনগোষ্ঠীকে জাতি হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও জানান তারা।

তাদের সংশোধন প্রস্তাব উত্থাপনের পর আইনমন্ত্রী বলেন, "রায়ের (আদালত) সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু করার অধিকার আমাদের নেই। সংশোধনীগুলো গ্রহণ করার কোনো যুক্তি নেই। তাই আমি তা গ্রহণ করতে পারলাম না বলে দুঃখিত।"

সংশোধন প্রস্তাবগুলো উত্থাপনের পর আইনমন্ত্রী বলেন, "আমরা যে সংশোধনগুলো এনেছি- আমরা 'পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে' শুধু যোগ করেছি। এখানে ধর্মনিরপেক্ষতার নীতি পালিত হচ্ছে। আমরা ইসলাম ধর্মের সঙ্গে সব ধর্মের সমঅধিকার নিশ্চিত করেছি। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। আমরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা রেখেই রাষ্ট্রধর্ম ইসলামের সঙ্গে অন্য ধর্মের মর্যাদা নেওয়া হয়েছে।"

ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বিলের ২, ৪, ৬, ১৪, ১৫, ১৬সহ সাতটি দফার ওপর সংশোধনী প্রস্তাব দেন।

মেনন বলেন, "দ্বিতীয় দফা বিলুপ্তি চেয়েছি। যেখানে বিছমিল্লাহ সংযোজন করা হয়েছে। দেশবাসী প্রত্যাশা করেছিলো- মহাজোট সরকার ৭২ এর সংবিধানে ফিরে যাবে। যেখানে ধর্ম নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ থাকবে না। এখানে ধর্মকে আরো পোক্ত করা হয়েছে।"

রাষ্ট্রধর্মের পরিবর্তে প্রজাতন্ত্রের সর্বাধিক জনগণের ধর্ম ইসলাম সংযোজন করার প্রস্তাব জানান তিনি।

জাসদ সভাপতি ইনু বলেন, "মানুষের ধর্ম থাকতে পারে, রাষ্ট্রের ধর্ম থাকতে পারে না। এজন্য আমি ২ ও ৪ দফা বিলুপ্ত করার দাবি জানাচ্ছি।"

জাসদের সংসদ সদস্য মঈনুদ্দীন খান বাদল, শাহ জিকরুল আহমেদ, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা ও ন্যাপের সংসদ সদস্য আমিনা আহমেদও রাষ্ট্রধর্ম নিয়ে আপত্তি জানিয়ে সংশোধনী প্রস্তাব তুলে ধরেন।

শুরুতেই ৫ মিনিটের বক্তব্যে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আজিম এ বিল পাসে আপত্তি জানান। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের সমালোচনা করেন তিনি।

আজিম বলেন, "এই বিল নিয়ে জাতি বিভক্ত হয়েছে। সংবিধান পরিবর্তন হতে পারে। এর আগেও ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তা হয়েছে। এবার কিছু মৌলিক বিষয়ে হাত দেওয়া হয়েছে। এ মৌলিক বিষয়গুলো নিয়ে তড়িঘড়ি করে করার দরকার নেই। এত বড় একটি দলিল নিয়ে এত দ্রুততা কেন? আমি চাই না এ বিষয়টি নিয়ে জাতি ভুল করুক।"

নির্ধারিত সময় পার হলে মাইক ছাড়াই বক্তব্য দিতে থাকেন এক সময়ের বিএনপি নেতা আজিম। কথা বলতে না দেওয়ার প্রতিবাদে দেওয়ার প্রতিবাদে ১১টা ৫৭ মিনিটে আজিম ওয়াক আউট করেন। তবে এর তিন মিনিট পর তিনি ফিরে আসেন অধিবেশন কক্ষে।

আজিমের বক্তব্যের পর আইনমন্ত্রী দাঁড়িয়ে জনমত যাচাইয়ের বিরোধিতা করেন। এরপর স্পিকার জনমত যাচাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে দিলে তা নাকচ হয়ে যায়।

পরে আজিম ২৩টি দফার ওপর সংশোধনী প্রস্তাব আনেন।

সামরিক শাসনের বিষয়ে তিনি বলেন, "আইন করে অবৈধ ক্ষমতা দখল বন্ধ করা যাবে না। দরকার মতৈক্য। দু'রাজনৈতিক দলকে বসে সিদ্ধান্ত নিতে হবে। এ ধরনের সংবিধানের সংশোধন যদি ব্র"ট মেজরিটির এ সরকার করে, তা হবে ঐতিহাসিক ভুল।"

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের বিরোধিতা করেন তিনি। এছাড়া সংবিধান সংশোধনের এ প্রক্রিয়ায় বিরোধী দলকে সম্পৃক্ত করার ওপর জোর দেন তিনি।

আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বিলের পরিবেশ সংক্রান্ত দফায় জলাভূমি, বন ও বন্যপ্রাণী সংরক্ষণের সঙ্গে পাহাড়কেও যুক্ত করার প্রস্তাব উত্থাপন করেন।

বেলা পৌনে ১২টায় সংসদের অধিবেশন শুরু হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে রয়েছেন। তার পরনে লাল-সবুজ শাড়িটি আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা খচিত।

৩৪৫ আসনের সংসদে বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামীর ২ এবং বিজেপির একজন সদস্য অনুপস্থিত রয়েছেন সংসদে।

অধিবেশন শুরুর আগে সকাল সাড়ে ১০টায় বৈঠকে বসে আওয়ামী লীগের সংসদীয় দল। সংসদ ভবনের শপথ কক্ষে প্রায় আধা ঘণ্টার এ বৈঠকে সরকারি দলের সংসদ সদস্যরা অংশ নেন।

গত বছরের ২১ জুলাই সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করা হয়। দীর্ঘ মতবিনিময়ের পর গত ৮ জুন কমিটি প্রতিবেদন আকারে সুপারিশগুলো সংসদে উপস্থাপন করে। এ সময় প্রধান বিরোধী দল বিএনপি সংসদে ছিলো না।

২০ জুন তা বিল আকারে উপস্থাপনের জন্য অনুমোদন দেয় মন্ত্রিসভা।

তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করে ২৫ জুন সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ বিল সংসদে উত্থাপন করা হয়। বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন পেশের জন্য স্থায়ী কমিটিতে পাঠানো হয়। সোমবার ও মঙ্গলবার দুই দিন বৈঠক করে প্রতিবেদন চূড়ান্ত করে বুধবার তা সংসদে পেশ করা হয়।

বিএনপি সংবিধান সংশোধনের তীব্র বিরোধিতা করে আসছে। বুধবারও দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার একতরফাভাবে সংবিধান সংশোধন করছে।