ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় ঋণের অর্থে ট্রেনের বগি (প্যাসেঞ্জার কোচ) সংগ্রহের জন্য দরপত্র ডাকা হলেও কোনো ভারতীয় প্রতিষ্ঠান তাতে অংশ না নেওয়ায় বিপাকে পড়েছে সরকার। এতে করে রেলের উন্নয়ন প্রকল্পের অর্থায়ন নিয়ে সরকারকে নতুন করে ভাবতে হচ্ছে।
বাংলাদেশকে এই ১০০ কোটি ডলার ঋণ অনুমোদনের ক্ষেত্রে ভারতের শর্ত ছিল, ওই টাকায় কেনা যন্ত্রাংশ ও সেবার ৮৫ শতাংশ কোনো ভারতীয় কোম্পানি থেকেই নিতে হবে।
বুধবার ভারতীয় হাই কমিশনার রাজীত মিত্রের সঙ্গে এক বৈঠকের পর যোগাগযোগ মন্ত্রী আবুল হোসেন সাংবাদিকদের বলেন, "প্যাসেঞ্জার কোচ কেনার জন্য আমরা দরপত্র ডেকেছিলাম। কিন্তু কোনো ভারতীয় কোম্পানি আগ্রহ দেখায়নি। এখন আমাদের অন্য কোনো উৎস থেকে ঋণ নিতে হবে, নইলে সরকারকেই এই ব্যয় বহন করতে হবে।"
নতুন কোনো ভারতীয় কোম্পানির পক্ষে বাংলাদেশকে বগি সরবরাহ করা সম্ভব কি-না তা জানানোর জন্য হাইকমিশনারকে অনুরোধ করা হয়েছে বলে মন্ত্রী জানান।
তিনি বলেন, "দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে এই চুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। কাজেই এখন যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তা অবহিত করা আমার দায়িত্ব। রেলওয়ে বিভাগকে চালাতে হলে আমাদের বগি কিনতেই হবে।"
কয়েকটি প্রকল্পে অর্থায়নের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগ গত বছর ৭ আগস্ট ১০০ কোটি ডলার ঋণের জন্য ভারতীয় এক্সিম ব্যাংকের সঙ্গে এই চুক্তি করে। চুক্তিতে শর্ত ছিল- এসব প্রকল্পের জন্য যেসব যন্ত্রাংশ ও সেবা কেনা হবে তার ৮৫ শতাংশ হিনতে হবে ভারত থেকে।
আবুল হোসেন জানান, রেলের উন্নয়নে এ পর্যন্ত ১২টি প্রকল্প চূড়ান্ত করে ভারত সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এর আওতায় ১৬৫টি ওয়াগন কেনার জন্য শিগগিরই এক্সিম ব্যাংকের সঙ্গে ২ কোটি ৫৫ লাখ ডলার ছাড় করার বিষয়ে চুক্তি হবে।"
১০০ কোটি ডলার ঋণ চুক্তির আওতায় এটাই হবে প্রথম অর্থছাড়।
২০১০ সালের আগস্টে করা ওই চুক্তি কার্যকর হয়েছে চলতি বছরের ফেব্র"য়ারি থেকে। অর্থাৎ টাকা ব্যবহার না হলেও বাংলাদেশকে ফেব্র"য়ারি থেকেই সুদ গুণতে হবে। ২০ বছর মেয়াদী এই চুক্তির আওতায় ভারতীয় এক্সিম ব্যাংক বছরে ১.৭৫ শতাংশ হারে সুদ নেবে।
(১ ডলার= ৭১টাকা ৪৩ পয়সা)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২১০৩ ঘ.
bdnews24