২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়াফেরতদের দ্রুত অর্থসাহায্য দেবে সরকার

লিবিয়াফেরত বাংলাদেশিদের আর্থিক সহায়তা দিতে বিশ্ব ব্যাংকের দেওয়া চার কোটি ডলার ঋণ দ্রুত ক্ষতিগ্রস্তদের বিতরণ করা হবে বলে জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 12:59 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়াফেরত বাংলাদেশিদের আর্থিক সহায়তা দিতে বিশ্ব ব্যাংকের দেওয়া চার কোটি ডলার ঋণ দ্রুত ক্ষতিগ্রস্তদের বিতরণ করা হবে বলে জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব সুধাকার দত্ত বুধবার এক গোলটেবিলে বলেন, "আলাদা তিনটি তালিকার মাধ্যমে লিবিয়াফেরত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে। ইতোমধ্যে যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তাদের কাছে অর্থ দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। বাকিদেরও অল্প দিনের মধ্যে জানানো হবে।" "প্রত্যেক ক্ষতিগ্রস্তকে ৫০ হাজার টাকা দেওয়া হবে। এ জন্য তাদেরকে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে বলা হয়েছে।" রাজধানীর ব্র্যাক সেন্টারে 'নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও শ্রম পাচার রোধে গণমাধ্যমের ভূমিকা' শিরোনামের গোলটেবিলে কথা বলছিলেন উপ-সচিব। গত ৩০ মে বিশ্ব ব্যাংকের সঙ্গে সরকারের এ ঋণ বিষয়ক চুক্তি হয়। সহজ শর্তে পাওয়া এ ঋণের অর্থ বিতরণের দায়িত্ব আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পালন করার কথা। এ বিষয়ে আইওএমের সঙ্গে সরকারের চুক্তি হয় গত জুন। লিবিয়ায় যেসব বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান উপ-সচিব সুধাকর দত্ত। চলতি বছরের শুরুতে লিবিয়ায় কর্নেল গাদ্দাফিবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে প্রায় ৫০ হাজার বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম ও ব্র্যাক অ্যাডভোকেসি যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব (রাজনৈতিক) ড. কামাল উদ্দিন আহমেদ। বক্তব্য দেন মানবাধিকার সাংবাদিক ফোরামের নির্বাহী পরিচালক খায়রুজ্জামান কামাল, ব্র্যাক অ্যাডভোকেসির পরিচালক শীপা হাফিজা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/১৮৫৬ ঘ.

এ সম্পর্কিত আরো খবর