২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই উপসচিব ও ১৭ এডিসি পদে রদবদল

প্রশাসনের দুই উপসচিব ও ১৭ জন অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) পদে রদবদল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের দুই উপসচিব ও ১৭ জন অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) পদে রদবদল হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বুধবার এসব রদবদল করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসকদের মধ্যে চারজনকে তাদের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। নতুন করে এডিসি'র দায়িত্ব পেয়েছেন ১৩ জন সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তা। উপসচিবদের মধ্যে জাতীয় পুষ্টি কার্যক্রমের (এনএনপি) পরিচালক এসএম আশরাফুজ্জামান ও সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) এসএম হারুন অর রশিদকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মাঠ প্রশাসন থেকে প্রত্যাহার হওয়া চার এডিসি হলেন- গাজীপুরের দেলোয়ার হোসেন, ঝিনাইদহের জাহানারা বেগম, বান্দবানের সোহেল ইমাম খান ও রংপুরের ড. মোশাররফ হোসেন। নতুন করে এডিসি'র দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে বগুড়া আদমদীঘির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইব্রাহিম খানকে নওগাঁ, শরিয়তপুর গোসাইরহাটের ইউএনও আবু ফয়েজ মো. আলাউদ্দিনকে রংপুরে, লক্ষ্মীপুর রায়পুরের ইউএনও রায়হান কাওসারকে মৌলভীবাজার, চুয়াডাঙ্গা জীবননগরের ইউএনও আবদুল আওয়ালকে জয়পুরহাট, কুড়িগ্রাম উলিপুরের ইউএনও গুল্লাল সিংহকে পঞ্চগড়, দিনাজপুর কাহারোলের ইউএনও খন্দকার আজিম আহমেদকে কুষ্টিয়া ও কুমিল্লা দেবীদ্বারের ইউএনও মামুনুর রশীদ ভূইয়াকে বান্দরবানের এডিসি করা হয়েছে। খুলনা ফুলতলার ইউএনও সহিদুল ইসলামকে ঝিনাইদহ, নেত্রকোনা মহনগঞ্জের ইউএনও হামিদুল হককে গাইবান্ধা, বগুড়া সোনাতলার ইউএনও আহমেদ কবিরকে পঞ্চগড়, হবিগঞ্জ বানিয়াচংয়ের ইউএনও আবু সালেহ মোহাম্মদ ফেরদৌসকে নোয়াখালী, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরকে গাজীপুর এবং পঞ্চগড় সদরের ইউএনও সাইফুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জে এডিসি পদে বদলি করা হয়েছে। এ ছাড়া বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সহযোগী অধ্যাপক (সমাজ বিজ্ঞান) ইমান আলীকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এজন্য তার চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮৩১ ঘ.