২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসান সাইদের বিচার দাবি বিএনপির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে নির্যাতনের অভিযোগে তার স্বামী হাসান সাঈদের 'সর্বোচ্চ শাস্তি' দাবি করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে নির্যাতনের অভিযোগে তার স্বামী হাসান সাঈদের 'সর্বোচ্চ শাস্তি' দাবি করেছে বিএনপি। বুধবার বিকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রুমানাকে দেখার পর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, "পাষণ্ড স্বামীর পাশবিক নির্যাতনে রুমানার দুটি চোখ নষ্ট হয়ে গেছে। আমরা এই নির্মম নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করছি। তার যেন সর্বোচ্চ শাস্তি হয়, যাতে আর কোনো মেয়ে কিংবা বোন এ রকম নির্যাতনে শিকার না হন। তারা যেন নিরাপদ বসবাস করতে পারেন।" বিএনপির মহানগর কমিটির সদস্য সচিব আবদুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সংসদ সদস্য রেহানা আখতার রানু ও রাশেদা বেগম হীরা এ সময় উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, "আমরা এমন এক সমাজে বাস করছি, যেখানে অসহায় নারীর ওপর এভাবে নির্যাতন হতে পারে। আমরা আল্লাহ তায়ালার কাছে রুমানার জন্য দোয়া করছি।" গত ৫ জুন ধানমণ্ডির বাসায় স্বামী হাসান সাইদের নির্যাতনের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা। ভারতের দুটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ঢাকায় ফেরেন তিনি। তার দুটি চোখই নষ্ট হয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। রুমানাকে হত্যার চেষ্টার অভিযোগে ৬ জুন হাসান সাইদের বিরুদ্ধে একটি মামলা করেন রুমানার বাবা মনজুর হোসেন। গোয়েন্দা পুলিশ ১৫ জুন হাসান সাইদকে গ্রেপ্তার করে। দণ্ডবিধি অনুযায়ী, হত্যা চেষ্টার মামলায় সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও আর্থিক জরিমানার বিধান রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৮৩২ ঘ.