২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার অভিযোগে মুজাহিদের বিরুদ্ধে মামলা

প্রতারণার অভিযোগে দৈনিক সংগ্রামের পরিচালনা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা আলী আহসান মুজাহিদসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হায়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগে দৈনিক সংগ্রামের পরিচালনা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা আলী আহসান মুজাহিদসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হায়েছে। ৭ম ওয়েজবোর্ড অনুযায়ী বেতন-ভাতা না পাওয়ার অভিযোগে বুধবার পত্রিকাটির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এবি সিদ্দিক ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন। মহানগর হাকিম মো. মিজানুর রহমান অভিযোগ আমলে নিয়ে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে রমনা থানার ওসিকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন- পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান মকবুল আহমেদ, পরিচালক এটিএম আজহারুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মুহাম্মদ শরীফ হোসাইন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ, রফিকুল ইসলাম খান, মমিনুল ইসলাম পাটোয়ারি ও মো. আবুল হোসাইন চৌধুরী। মামলায় বলা হয়, আসামিরা সাংবাদিক-কর্মচারীদের জন্যে সপ্তম মজুরির গেজেট প্রকাশের পর অবৈধভাবে সরকারি সুযোগ সুবিধা গ্রহণের লক্ষ্যে সাংবাদিক-কর্মচারীদের সঙ্গে প্রতারণা করেন। আসামিরা সাংবাদিক-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দিয়েছে বলে সংশ্লিষ্ট কাগজে স্বাক্ষর গ্রহণ করে তা সরকারের কাছে জমা দেন। কিন্তু তারা সাংবাদিক-কর্মচারীদের শতভাগ বেতন ভাতা পরিশোধ করেননি। এ বিষয়ে বাদী তথ্যমন্ত্রীর কাছে নালিশ জানালে গত জানুয়ারি থেকে শুধু স্থায়ী সাংবাদিক-কর্মচারীদের শতভাগ বেতন ভাতা দেওয়া হলেও অস্থায়ীদের কোনো সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। আরজিতে আরো বলা হয়, পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সাংবাদিক-কর্মচারীদের বকেয়া বেতন ভাতাও পরিশোধ করা হয় না। মামলায় বাদি উল্লেখ করেন, তার মেয়ের চিকিৎসার জন্য তার পাওনা বকেয়া টাকা চাইলে সম্পাদক আবুল আসাদ তাকে জানান, পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বকেয়া পরিশোধ করা হবে না। বকেয়া চাওয়ার অপরাধে বাদীকে গত ৪ জুন আসামিরা (মুজাহিদ কারাগারে) চাকরি থেকে বরখাস্ত করেন। এ ছাড়া বাদিকে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকিও দেন আসামিরা। মামলায় বাদির পাওনা ৯ লাখ টাকা বলে উল্লেখ করা হয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কারাগারে রয়েছেন। এর আগে গত ২৫ এপ্রিল এবি সিদ্দিক পত্রিকার সম্পাদক, প্রকাশক আবুল আসাদের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মামলা করেন। ওই মামলায় আসাদকে আদালতে তলব করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/পিডি/১৮২৫ ঘ.