২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধন বিলে আরো চার সুপারিশ

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল উপস্থাপনের চার দিনের মাথায় পর্যালোচনা শেষ করে সংসদে প্রতিবেদন দিয়েছে স্থায়ী কমিটি। এতে নির্বাচন, আইন প্রণয়ন, সংসদ অধিবেশন ও ক্রান্তিকালীন অস্থায়ী বিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

সুমন মাহবুব ও মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল উপস্থাপনের চার দিনের মাথায় পর্যালোচনা শেষ করে সংসদে প্রতিবেদন দিয়েছে স্থায়ী কমিটি। এতে নির্বাচন, আইন প্রণয়ন, সংসদ অধিবেশন ও ক্রান্তিকালীন অস্থায়ী বিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে। শনিবার উত্থাপিত বিলে ৫১টি দফা থাকলেও বুধবার স্থায়ী কমিটির প্রতিবেদনে ৫৫ দফার চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের অনুপস্থিতিতে তার পক্ষে ফজলে রাব্বী মিয়া ৭৪ পৃষ্ঠার এই প্রতিবেদন সংসদে তোলেন। এ সময় ডেপুটি স্পিকার শওকত আলী সংসদে সভাপতিত্ব করছিলেন। উপস্থিত ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। পঞ্চদশ সংবিধান সংশোধনী বিলের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি, ক্ষমতাসীন সরকারের মেয়াদের শেষ ৯০ দিনে পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠান, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের পথ 'রুদ্ধ করার' বিধান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ও ২৬ মার্চ রাতে তার দেওয়া স্বাধীনতার ঘোষণা এবং মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র রেখেই এ প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। সংবিধানের প্রস্তাবনায় 'বিসমিল্লাহির-রাহ্মানির রাহিম (দয়াময়, পরম দয়ালু, আল্লাহের নামে)/পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে' এবং রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম থাকছে। পাশাপাশি বলা হয়েছে, 'প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করবে।' আদালতের আদেশে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকায় নতুন বিধান সংযোজনের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। এ ছাড়া ক্রান্তিকালীন বিধানে 'স্থানীয় শাসন' অন্তর্ভুক্ত এবং সরকারের মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনে সংসদ না বসার বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। তবে ইসির সদস্য সংখ্যা নির্ধারণ করে দিয়ে ৫ থেকে তা কমানোর কোনো সুপারিশ সংসদীয় কমিটি করেনি। বুধবার বেলা ১১টা ২০ মিনিটে বিলের ওপর স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপন শুরু হয়। ফজলে রাব্বি মিয়া ১৩ মিনিট ধরে প্রতিবেদনটি পড়ে শোনান। পরে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সংসদের বৈঠকে পৌঁছে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রতিবেদনে বলা হয়, 'কমিটি সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল, ২০১১ সংশোধিত আকারে সংসদে পাস করার জন্য সম্মতিক্রমে সুপারিশ করছে।' শনিবার বিলটি সংসদে উত্থাপিত হওয়ার পর স্পিকার আবদুল হামিদ তা পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থায়ী কমিটিতে পাঠিয়েছিলেন। সোম ও মঙ্গলবার বৈঠক করে কমিটি এ বিষয়ে প্রতিবেদন চূড়ান্ত করে। সরকার সংবিধান সংশোধনের জন্য গত বছরের ২১ জুলাই সংসদীয় বিশেষ কমিটি গঠন করে। কমিটি গত ৮ জুন তাদের সুপারিশগুলো প্রতিবেদন আকারে সংসদে উপস্থাপন করে। ২০ জুন তা বিল আকারে উপস্থাপনের জন্য অনুমোদন দেয় মন্ত্রিসভা। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপের প্রস্তাবসহ ২৫ জুন সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ বিল সংসদে উত্থাপন করা হয়। স্থায়ী কমিটির সুপারিশ প্রস্তাবিত পঞ্চদশ সংশোধনীতে নির্বাচনের আগের ৯০ দিনে সংসদ বসার বাধ্যবাধকতা শিথিল করে একটি নতুন দফা সংযোজন এবং আইন প্রণয়ন পদ্ধতিতে একটি দফা, চতুর্থ তফসিলে একটি অনুচ্ছেদ প্রতিস্থাপনের সুপারিশ করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সংবিধানের ৭২ অনুচ্ছেদে 'নির্বাচিত সরকারের নির্ধারিত মেয়াদের শেষ ৯০ দিনে সংসদ বসবে না' এবং ১২৫ অনুচ্ছেদে 'তফসল ঘোষণার পর আদালত নির্বাচনী বিষয়ে ইসিকে কোনো নোটিস না দিয়ে অন্তবর্তী কোনো আদেশ/নির্দেশ দেবে না'- এমন দুটি দফা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে প্রতিবেদনে। এছাড়া ৮০ অনুচ্ছেদে আইন প্রণয়ন পদ্ধতিতে সংশোধন এনে রাষ্ট্রপতির বিল ফিরত পাঠানোর ক্ষেত্রে সংসদ সদস্যদের ভোটের পর তা আবার পাঠানোর বিধান যোগ এবং ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী বিষয়ে ১৫০ অনুচ্ছেদের চতুর্থ তফসিল সংশোধন করে 'স্থানীয় শাসন' চালুর সুযোগ তৈরির সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। উল্লেখযোগ্য চার সংশোধন এক. সংবিধানের ৭২ অনুচ্ছেদে সংশোধন: '১২৩ অনুচ্ছেদের ৩ দফার (ক) উপ দফায় উল্লিখিত ৯০ দিন সময় ব্যতিত অন্য সময়ে' সন্নিবেশি হবে। দুই. অনুচ্ছেদ ৮০ সংশোধন করে (ক) (৩) দফার পরিবর্তে 'রাষ্ট্রপতির নিকট কোনো বিল পেশ করিবার পর ১৫ দিনের মধ্যে তিনি তাহাতে সম্মতি দান করিবেন কিংবা অর্থ বিল ব্যতিত অন্য কোনো বিলের ক্ষেত্রে বিলটি বা তাহার কোনো বিশেষ বিধান পুনর্বিবেচনার কিংবা রাষ্ট্রপতি কর্তৃক নির্দেশিত কোনো সংশোধনী বিবেচনার অনুরোধ জ্ঞাপন করিয়া একটি বার্তাসহ তিনি বিলটি সংসদে ফেরত দিতে পারিবেন; এবং রাষ্ট্রপতি তাহা করিতে অসমর্থ হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করিয়াছে বলিয়া গণ্য হইবে' অংশটি যোগ করা এবং (খ) (৪) দফায় 'মোট সংসদ সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটের দ্বারা' বাংক্যাংশটি বিলুপ্ত হবে। তিন. অনুচ্ছেদ ১২৫ এ (গ) দফা সংযোজিত হবে- কোনো আদালত নির্বাচানের তফসিল ঘোষণা করা হইয়াছে এইরূপ, কোনো নির্বাচনের বিষয়, নির্বাচন কমিশনকে যুক্তিসংগত নোটিস ও শুনানির সুযোগ প্রদান না করিয়া, অন্তবর্তী বা কোনো রূপে আদেশ বা নির্দেশ প্রদান করিবেন না। চার. সংবিধানের চতুর্থ তফসিল সংশোধন করে অনুচ্ছেদ ১২ প্রতিস্থাপন হবে। সংবিধানের ৫৯ অনুচ্ছেদে উল্লিখিত স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এ সংবিধান প্রবর্তনের অব্যবহিত পূর্বে প্রজাতন্ত্রের বিভিন্ন প্রশাসনিক এককাংশে প্রচলিত প্রশাসনিক ব্যবস্থা আইনের দ্বারা প্রণীত পরিবর্তন সাপেক্ষে অব্যাহত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এএল/জেকে/১৭৫৮ ঘ.

এ সম্পর্কিত আরো খবর