মানিকগঞ্জ, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পলিথিন ব্যবহার ও রাখার দায়ে মানিকগঞ্জ শহরে নয় মুদি দোকান ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান নয় জনকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এক ঘণ্টা দোকান বন্ধ রেখে শহরের শহীদ রফিক সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে তারা মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে সমাবেশ করে।
এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, অভিযান চলাকালীন ম্যাজিস্ট্রেট তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারো সঙ্গে দুর্ব্যবহার করা হয়নি।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মকবুল হোসেন জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহার ও রাখার দায়ে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭১৯ ঘ.
bdnews24