ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিরোধী দলের অনুপস্থিতিতে সর্বসম্মতভাবে সংসদে পাস হয়েছে।
বুধবার সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১১-১২ অর্থবছরে উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয়ের জন্য ২ দশমিক ৩২৪ ট্রিলিয়ন (২ লাখ ৩২ হাজার ৪০০ কোটি) অর্থ ব্যয়ের মঞ্জুরি চেয়ে নির্দিষ্টকরণ বিল উত্থাপন করলে কণ্ঠভোটে তা গৃহীত হয়।
মঙ্গলবার পাস হয় অর্থবিল। এ দুটি বিল পাসের মধ্য দিয়ে বাজেট অনুমোদন পেলো। অর্থবিলে পুঁজিবাজারে কালো টাকা ১০ শতাংশ হারে কর দিয়ে সাদা করার সুযোগ দেওয়া হয়।
প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশ ধরে আগামী অর্থবছরের জন্য ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার বাজেট গত ৯ জুন সংসদে প্রস্তাব করেন অর্থমন্ত্রী, যাতে ৪৫ হাজার কোটি টাকার ঘাটতি থাকছে।
বাজেট প্রস্তাবের পর বিভিন্ন মন্ত্রণালয় তাদের ব্যয়ের জন্য ৫৪টি মঞ্জুরি দাবি উত্থাপন করেন, যা কণ্ঠভোটে পাস হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় ১২ হাজার ১২২ কোটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৭ হাজার ৭৩০ কোটি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৮ হাজার ৯৬৪ কোটি, শিক্ষা মন্ত্রণালয় ১০ হাজার ৮৩৭ কোটি, স্বাস্থ্য মন্ত্রণালয় ৮ হাজার ৮৮৮ কোটি, স্থানীয় সরকার মন্ত্রণালয় ১০ হাজার ৯১১ কোটি, কৃষি মন্ত্রণালয় ৭ হাজার ৪১০ কোটি, খাদ্য মন্ত্রণালয় ১০ হাজার ৮৩০ কোটি, যোগাযোগ মন্ত্রণালয় ৭ হাজার ৫৫৩ কোটি টাকা বরাদ্দ পেয়েছে।
বাজেটের বিরোধী দলের সদস্যদের ৬০০টির বেশি ছাঁটাই প্রস্তাব এলেও একমাত্র স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের সাতটি প্রস্তাবের ওপর আলোচনা হয়। তবে তার সবগুলো প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। অনুপস্থিত বিরোধী সদস্যদের প্রস্তাবগুলো উত্থাপিত হয়নি।
বিদায়ী অর্থবছরে বাজেটের আকার ছিলো ১ লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ ছিলো ৩৮ হাজার কোটি টাকা। বাস্তবায়ন সন্তোষজনক না হওয়ায় পরে তা কাটছাঁট করে ৩৫ হাজার ১৩০ কোটিতে নামায় নামিয়ে আনা হয়। আগামী অর্থবছরে এডিপিতে ৪৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
আগামী অর্থবছরের বাজেটের ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার মধ্যে ১ লাখ ১৮ হাজার ৩৮৫ টাকা রাজস্ব আয় থেকে আসবে বলে ধরেছেন অর্থমন্ত্রী। ফলে সামগ্রিক ঘাটতি থাকছে ৪৫ হাজার ২০৪ কোটি টাকা, যা জিডিপির ৫ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৬১০ ঘ.
bdnews24