২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধন মহাজোটের সাত দলের সঙ্গে আন্দোলনে সিপিবি

রাষ্ট্রধর্মসহ ৭২'র সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক ধারা রেখে সংবিধান সংশোধনীর কয়েকটি প্রস্তাবের বিরোধিতা করে মহাজোটের সাতটি দল ও সিপিবি মিলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 06:55 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রধর্মসহ ৭২'র সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক ধারা রেখে সংবিধান সংশোধনীর কয়েকটি প্রস্তাবের বিরোধিতা করে মহাজোটের সাতটি দল ও সিপিবি মিলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার সিপিবি কার্যালয়ে এক বৈঠকে বৃহস্পতিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সংসদ অভিমুখে পদযাত্রা কর্মসূচির সিদ্ধান্ত হয়। তাদের কর্মসূচির সঙ্গে একাত্ম হয়েছে গণফোরাম ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। সকালে পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির কার্যালয়ে এ বৈঠকে অংশ নেয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, সাম্যবাদী দল, ন্যাপ, গণতন্ত্রী পার্টি, গণতান্ত্রিক মজদুর পার্টি ও গণ আজাদী লীগ। বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সভার পর কর্মসূচির কথা জানান সিপিবি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। জাসদ, ন্যাপ ও জনসংহতি সমিতি ছাড়া বৈঠকে অংশ নেওয়া অন্য রাজনৈতিক দলগুলো এক সময় ১১ দলীয় জোট গঠন করেছিলো। গত নির্বাচনের আগে মহাজোটে অন্য দলগুলো এবং ন্যাপ-জাসদ গেলেও আওয়ামী লীগের এক সময়ের রাজনৈতিক মিত্র সিপিবি যায়নি। সিপিবির সাধারণ সম্পাদক সেলিম বৈঠকের পর সাংবাদিকদের বলেন, বাহাত্তরের সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক ধারা রেখে সংবিধান সংশোধন প্রস্তাবের বিষয়ে দলগুলো আপত্তি জানিয়েছে। সংবিধানে রাষ্ট্রধর্ম, ধর্মভিত্তিক দলকে রাজনীতি করার সুযোগ দেওয়া, বিসমিল্লাহ... রাখা এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দেওয়ার প্রস্তাবের বিষয়ে এ দলগুলোর আপত্তি। চূড়ান্তভাবে সংবিধান সংশোধনের আগে এ সব ক্ষেত্রে সংশোধনীরও দাবি জানিয়েছেন তারা। এসব দাবিতে বুধবার জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে সব সংসদ সদস্যকে সভায় গৃহীত সিদ্ধান্ত জানানো হবে বলে সেলিম জানান। বৈঠকে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ওয়ার্কার্স পার্টি, জাসদ, গণতন্ত্রী পার্টি, ন্যাপের সংসদে প্রতিনিধিত্ব রয়েছে। সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এ বিষয়ে কমিটিতেই তার আপত্তি জানিয়েছিলেন। বিশেষ কমিটি প্রতিবেদন দেওয়ার পর সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল গত শনিবার সংসদে তোলা হয়। বিলটি পরীক্ষা-নিরীক্ষার বুধবার তার ওপর প্রতিবেদন সংসদে দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। সিপিবি কার্যালয়ে বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন জাসদ সভাপতি ইনু, গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা, গণতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১২৩৫ ঘ.