২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধন বিল পর্যালোচনার পর সংসদে

সংসদীয় কমিটির পর্যালোচনার পর পঞ্চদশ সংবিধান সংশোধন বিল সংসদে উপস্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 05:52 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় কমিটির পর্যালোচনার পর পঞ্চদশ সংবিধান সংশোধন বিল সংসদে উপস্থাপন করা হয়েছে। বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি বিলের প্রতিবেদন উপস্থাপন করেন। গত শনিবার সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ বিল সংসদে উত্থাপনের পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। স্থায়ী কমিটিকে দুই সপ্তাহ সময় দেওয়া হলেও তারা পাঁচ দিনের মাথায় প্রতিবেদন সংসদে আনলো। দুটি বিষয় যোগ এবং একটি ধারায় সংশোধনের প্রস্তাব এনে পঞ্চদশ সংবিধান সংশোধন বিল পর্যালোচনা শেষ করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছিলেন সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। বুধবার সংসদে তার অনুপস্থিতিতে কমিটির সদস্য ফজলে রাব্বী মিয়া প্রতিবেদন উপস্থাপন করেন। ১৩ মিনিট ধরে প্রতিবেদনটি পড়ে শোনান তিনি। এসময় ডেপুটি স্পিকার শওকত আলী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত রয়েছেন। সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত পরে অধিবেশনে যোগ দিয়ে সবাইকে ধন্যবাদ জানান। প্রতিবেদনে বলা হয়, কমিটি সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল, ২০১১ কমিটি কর্তৃক সংশোধিত আকারে সংসদে পাস করার জন্য সম্মতিক্রমে সুপারিশ করছে। কমিটি সরকারের মেয়াদ শেষে নির্বাচনের সময়ে সংসদের বৈঠকের বাধ্যবাধকতা শিথিলের লক্ষ্যে দুটি দফা প্রস্তাব যোগ করেছে। সংসদীয় কমিটির প্রস্তাবে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের সুপারিশই রয়েছে, যদিও বিলের এ বিষয়টি সংশোধন করে ইসির সদস্য সংখ্যা তিন-এ কমিয়ে আনার ইসির প্রস্তাব মেনে নেওয়ার কথা মঙ্গলবার সুরঞ্জিত জানিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১১৪৫ ঘ.